বিভিন্নস্থানে কঠিন চীবর দানোৎসব

বান্দরবান | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:১৩ পূর্বাহ্ণ

বান্দরবান প্রতিনিধি জানান, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব উপলক্ষে রাজগুরু বৌদ্ধ বিহারে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা, ধর্মীয় আলোচনা ও নানা মাঙ্গলিক অনুষ্ঠান। এতে অংশ নেন বৌদ্ধ ভিক্ষুসংঘ, দায়ক–দায়িকা এবং বিভিন্ন বয়সী পুণ্যার্থী। এতে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে কঠিন চীবরসহ বিভিন্ন দানীয় সামগ্রী উৎসর্গ করেন পুণ্যার্থীরা।

এসময় দেশ ও জাতির মঙ্গল কামনায় পঞ্চশীল ও অষ্টশীলসহ ধর্মদেশনা দেন অধ্যক্ষ আসাবা মহাথেরো ও কেতু মহাথেরো। ধর্মীয় এ আয়োজনের মধ্য দিয়ে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

কাপ্তাই : কাপ্তাই প্রতিনিধি জানান,কাপ্তাই উপজেলার চিৎমরম (চিংম্রং) বৌদ্ধ বিহারে গতকাল মঙ্গলবার কঠিন চীবর দান উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ পামোক্ষা মহাথের। গেস্ট অব অনার ছিলেন রাঙ্গামাটি ৩০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ। প্রধান দায়ক ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। বিশেষ দায়ক ছিলেন জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা। এতে ধর্মীয় দেশনা প্রদান করেন অধ্যক্ষ পঞ্‌ঞা দীপা মহাথের এবং অধ্যক্ষ সনাসিরি মহাথের। কঠিন চীবর দান উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট হ্লাথোয়াই মারমা ও যুগ্ম আহ্বায়ক সাচিংউ মারমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী থোয়াইহাচিং মারমা।

পূর্ববর্তী নিবন্ধআমাজন নদী
পরবর্তী নিবন্ধনৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে