বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি: লটারিতে প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

চূড়ান্তভাবে ১১২ জনকে অভিবাসন ব্যয় ছাড়াই পাঠানো হবে

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া এসডিএন.বিএইচডিতে কর্মী নিয়োগের জন্য লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়েছে। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১১২ জনকে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় পাঠানো হবে। গতকাল রোববার বিকাল সাড়ে ৪টায় ঢাকার প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী মিলনায়তনে লটারির মাধ্যমে প্রাথমিক প্রার্থী নির্বাচন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ থেকে ৮ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এ সময়ের মধ্যে মোট ৪ হাজার ২৯ জন আবেদন করেন। তাদের মধ্য থেকে ইলেকট্রনিক পদ্ধতিতে লটারি করে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়েছে।

প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে ১০০ জন রয়েছেন। তাদের তালিকা শিগগিরই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ওয়েবসাইট ও ফেসবুক পেইজে প্রকাশ করা হবে। এই ৩০০ জনের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেবে নিয়োগকারী প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনের প্রতিনিধিরা। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১১২ জনকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আহমাদুল হক অনুষ্ঠানে বলেন, ‘বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার হিসেবে আগামী ৫ বছরে ১ কোটি জনশক্তি প্রেরণের যে লক্ষ্য রয়েছে, এ ধরনের উদ্যোগ তা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রীর ঘোষিত ‘জিরো কস্টে’ কর্মী প্রেরণের প্রতিশ্রুতিও বাস্তব রূপ পাচ্ছে।’

পূর্ববর্তী নিবন্ধ২ লাখ ৯১ হাজারের বেশি আবেদন, সর্বোচ্চ ইংরেজিতে
পরবর্তী নিবন্ধসংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত