নগরীর বায়েজিদে মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় জায়গা দখলকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে কাগতিয়া দরবার শরীফের অনুসারীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল রাত ৯টার দিকে বায়েজিদ থানাধীন আরেফিন নগরের মুক্তিযোদ্ধা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
পুলিশ জানায়, কাগতিয়া দরবার শরীফের অভিযোগ হচ্ছে– তাদের ১৫ কানি জমি দখল হয়ে গেছে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি, জায়গাগুলো তাদের। এ নিয়ে দু–পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হলে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে তারা চিকিৎসা নিচ্ছেন। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, বায়েজিদের আরেফিন নগর এলাকায় কাগতিয়া দরবার শরীফের অনুসারী ও স্থানীয়দের মধ্যে মারামারির খবর পেয়ে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মূলত জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ মারামারি সংঘটিত হয়।











