বাঙালি মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা ‘আজীজুননাহার’

গাজী মোহাম্মদ নুরউদ্দিন | বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১০:১৫ পূর্বাহ্ণ

বাংলা সাময়িকপত্রের ইতিহাসে ১৮১৮ খ্রিষ্টাব্দ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ বছর কলকাতার অদূরে হুগলি জেলার শ্রীরামপুরের খ্রিষ্টান মিশনারিদের উদ্যোগে প্রকাশিত হয় বাংলা সংবাদপত্র ‘সমাচার দর্পণ’। এর মধ্য দিয়ে বাংলা সাময়িকপত্রের জগতে নতুন অধ্যায়ের সূচনা ঘটে। তবে বাঙালি মুসলমানদের গ্রন্থ রচনা, পত্রিকায় লেখালেখি এবং সাময়িকপত্র সম্পাদনা ও প্রকাশনার ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ শুরু হয় আরও কয়েক দশক পরে। এ ক্ষেত্রে পথিকৃৎদের অন্যতম মীর মশাররফ হোসেন। তাঁর সাহিত্যকীর্তির মধ্যে ‘বিষাদ–সিন্ধু’ বিশেষভাবে পরিচিত হলেও নাটক, প্রবন্ধ, আত্মজীবনী ও সাময়িকপত্র প্রকাশনার ক্ষেত্রেও তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর সম্পাদনায় প্রকাশিত ‘আজীজুননাহার’ বাংলা সাময়িকপত্রের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এটি বাঙালি মুসলমান সম্পাদিত ও পরিচালিত প্রথম পত্রিকা হিসেবে স্বীকৃত।

মীর মশাররফ হোসেনের জন্ম ফরিদপুরের জমিদার পরিবারে। তাঁর পৈতৃক নিবাস ছিল তৎকালীন নদীয়া জেলার কুষ্টিয়া মহকুমার কুমারখালী থানার লাহিড়ীপাড়া গ্রামে। তাঁর শৈশবে মুসলমান পরিবারে শিক্ষার প্রচলিত ধারা ছিল প্রধানত আরবি–ফারসি শিক্ষাকেন্দ্রিক। সেই রীতি অনুসারে মুন্সি জমিনদ্দিন নামের একজন মৌলভির কাছে তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি হয়। পরে লাহিড়ীপাড়ার পার্শ্ববর্তী জয়সবীনবাদ গ্রামের একটি পাঠশালায় তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনা। তাঁর পিতা মোয়াজ্জেম হোসেন পাঠশালাটি লাহিড়ীপাড়ায় স্থানান্তর করলে সেখানে পড়াশোনা অব্যাহত রাখেন তিনি। পরবর্তী সময়ে কুষ্টিয়া ইংরেজি স্কুল, পদমদীর নবাব স্কুল এবং কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে অধ্যয়ন করেন।

‘আজীজুননাহার’ নামটির সঙ্গে মীর মশাররফ হোসেনের ব্যক্তিগত জীবনের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। পত্রিকাটি তাঁর প্রথম স্ত্রী আজীজুননেসার নাম অনুসারে প্রকাশিত হয়েছিল বলে ঐতিহাসিকদের ধারণা। মীর মশাররফের প্রথম স্ত্রীকে তিনি কখনো আজীজুননাহার নামেও উল্লেখ করেছেন। মীর মশাররফের প্রথম বিবাহের ঘটনাটি বেশ নাটকীয়। কলকাতায় অবস্থানকালে বাল্যবন্ধু মুন্সি কারাম মণ্ডল ওরফে চাঁদ মিয়ার সঙ্গে তাঁর পুনরায় পরিচয় ঘটে। চাঁদ মিয়ার পিতা মুন্সি নাদের হোসেন ছিলেন মশাররফের পিতা মোয়াজ্জেম হোসেনের ঘনিষ্ঠ বন্ধু। নাদের হোসেনের বাড়ি ছিল যশোরের মুতারপুরে। বন্ধুর সঙ্গে সেখানে গিয়ে মশাররফ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে নাদের হোসেনের বড় মেয়ে লতিফুন্নেসার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের মধ্যে চিঠিপত্রের আদান–প্রদানও শুরু হয়।

অভিভাবকেরা বিষয়টি আঁচ করতে পেরে বিয়ের আয়োজন করেন। তারিখটি ছিল ১৯ মে ১৮৬৫। একই দিনে নাদের হোসেনের আরেক মেয়ে আজীজুননেসার বিয়েও নির্ধারিত হয় হোসেন আলী নামের এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে। কিন্তু বিয়ের আয়োজনের সময় নামের বিভ্রান্তি ও অনাকাঙ্‌ক্িষত পরিস্থিতিতে লতিফুন্নেসার সঙ্গে মীর মশাররফের বিয়ে সম্পন্ন হয়নি। পরে মীর মশাররফের সঙ্গে আজীজুননেসার বিয়ে হয়। এ ঘটনার মানসিক অভিঘাতে লতিফুন্নেসা অসুস্থ হয়ে পড়েন এবং এক সপ্তাহের মধ্যে তাঁর মৃত্যু হয় বলে ইতিহাসবেত্তাদের অভিমত। আজীজুননেসার গর্ভে মীর মশাররফ হোসেনের দুই পুত্র ও এক কন্যার জন্ম হয়। সন্তানদের মধ্যে কয়েকজনের অকালমৃত্যুর ঘটনাও তাঁর পারিবারিক জীবনে গভীর প্রভাব ফেলেছিল। পরবর্তী সময়ে তাঁর জীবনে বিবি কুলসুমের আগমন ঘটে। ১২৮১ (১৮৭৪ খ্রিষ্টাব্দ) বঙ্গাব্দের পৌষ মাসে, ‘আজীজুননাহার’ পত্রিকা প্রকাশের সময়ের কাছাকাছি, তিনি লাহিড়ীপাড়ার পার্শ্ববর্তী সাঁওতা গ্রামের বিবি কুলসুমকে দ্বিতীয় বিয়ে করেন।

মীর মশাররফ হোসেন কেন বাংলা পত্রিকা প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন, সে সম্পর্কে তাঁর আত্মজীবনী ‘আমার জীবনী’–তে একটি গুরুত্বপূর্ণ বিবরণ পাওয়া যায়। তিনি জানান, তাঁর এক ভাই হুগলি কলেজে পড়াশোনা করতেন। এ কারণে সেখানে তাঁদের একটি বাসাবাড়ি ছিল। মাঝেমধ্যে তিনি সেখানে যাতায়াত করতেন। একদিন হুগলিতে গঙ্গার ঘাটে বসে নদীর জলস্রোত দেখছিলেন। গঙ্গার অপর পারে ছিল বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। একদিন সন্ধ্যার আগে বঙ্কিমচন্দ্রকে নৌকায় গঙ্গা পার হতে দেখেন তিনি। সঙ্গে ছিলেন একজন আর্দালি।

ঘাটে উপস্থিত মীর মশাররফ ও তাঁর মুসলমান সহপাঠীদের মধ্যে বাংলা ভাষা ও সাহিত্যচর্চা নিয়ে আলোচনা হয়। তাঁদের সমাজে বাংলা ভাষার চর্চা না থাকা এবং মুসলমানদের নিজস্ব বাংলা সংবাদপত্র না থাকার বিষয়টি তাঁদের ব্যথিত করে। এ সময় তাঁদের মধ্যে একটি বাংলা পত্রিকা প্রকাশের প্রয়োজনীয়তা অনুভূত হয়। এই উপলব্ধিই মীর মশাররফ হোসেনকে ‘আজীজুননাহার’ প্রকাশের উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছিল বলে তাঁর আত্মজীবনী থেকে ধারণা পাওয়া যায়।

১২৮১ বঙ্গাব্দের পৌষ মাসে ১৮৭৪ খ্রিষ্টাব্দে তিনি প্রথম স্ত্রী আজীজুননেসার নাম অনুসারে ‘আজীজুননাহার’ প্রকাশ করেন। পত্রিকাটির শিরোনামের নিচে মুদ্রিত থাকত দুটি পঙ্‌ক্তি

‘প্রিয়দিন উপহার থাকিত দিনে প্রিয় হয়ে সদায় সদয় নয়নে।’

পঙ্‌ক্তি দুটির মধ্যে ব্যক্তিগত আবেগ ও ভালোবাসার প্রকাশ লক্ষ্য করা যায়। পত্রিকার নামকরণ এবং এর শিরোভাগে ব্যবহৃত কবিতার পঙ্‌ক্তি থেকে অনুমান করা যায়, একসময় আজীজুননেসা মীর মশাররফ হোসেনের জীবনে বিশেষ প্রিয়জনের মর্যাদা লাভ করেছিলেন।

‘আজীজুননাহার’ মাসিক, নাকি অন্য কোনো বিরতিতে প্রকাশিত হতো, তা নিয়ে গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। সমকালীন পত্রিকা ‘গ্রামবার্তা প্রকাশিকা’–র জুন ১৮৭৮ সংখ্যায় একে মাসিক পত্রিকা হিসেবে উল্লেখ করা হয়। একইভাবে ‘এডুকেশন গেজেট’–এর ১ মে, ১৮৭৮ সংখ্যাতেও পত্রিকাটিকে মাসিক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল।

মীর মশাররফ হোসেন নিজেও তাঁর ‘আমার জীবনী’–তে বিভিন্ন স্থানে পত্রিকাটিকে বাংলা মাসিক পত্রিকা হিসেবে উল্লেখ করেছেন। একটি স্থানে তিনি লিখেছেন, মুসলমান সমাজে বাংলা ভাষায় এ ধরনের পত্রিকা প্রকাশের উদ্যোগ ছিল এক ঐতিহাসিক ঘটনা। তাঁর বর্ণনায়, ১২৮১ বঙ্গাব্দের ১ বৈশাখ ‘আজীজুননাহার’ নামে বাংলা মাসিক পত্রিকা প্রকাশের কথা রয়েছে। তবে পত্রিকাটির প্রকাশনার সূচনাকাল ও প্রথম সংখ্যার সময় নিয়ে আত্মজীবনীর বিভিন্ন বিবরণে কিছু অসংগতি দেখা যায়। ফলে প্রকাশনার সুনির্দিষ্ট সময়ক্রম নির্ধারণ এখনো পর্যন্ত জানা যায়নি।

‘হিতকরী’ পত্রিকার দ্বিতীয় বর্ষের সূচনা সংখ্যার ২২ এপ্রিল, ১৮৯১ তারিখের সম্পাদকীয় নিবন্ধে ‘আজীজুননাহার’–এর প্রকাশনা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেখানে উল্লেখ করা হয়েছে, পত্রিকাটি দুই বছর ধরে প্রকাশিত হয়েছিল। সে হিসাবে এর প্রকাশনাকাল আনুমানিক ১৮৭৪–৭৬। মীর মশাররফের আত্মজীবনী থেকে আরও জানা যায়, পত্রিকাটি কোনো একসময় হুগলির বাগোদয় যন্ত্রে মুদ্রিত হতো। তবে এর প্রকাশনার সঙ্গে লাহিড়ীপাড়ারও সম্পর্ক ছিল বলে ধারণা করা হয়।

পত্রিকা প্রকাশের উদ্যোগ নেওয়া সহজ হলেও তা দীর্ঘদিন চালিয়ে যাওয়া মীর মশাররফ হোসেনের জন্য কঠিন হয়ে পড়েছিল। জমিদার পরিবারের সন্তান হয়েও তাঁকে জীবনের বিভিন্ন সময়ে আর্থিক সংকটের মুখোমুখি হতে হয়। পত্রিকার মুদ্রণব্যয়, প্রেসের দেনা এবং সংসারের খরচ মেটাতে তাঁকে সম্পত্তি ইজারা দিতে হয়েছিল। প্রথম দিকে পাঠকের কাছ থেকে কিছু অর্থ পাওয়া গেলেও পরবর্তী সময়ে পত্রিকার আয় কমে যায়। পৃষ্ঠপোষকতার অভাব, লেখকসংকট এবং নিজের লেখালেখির উৎসাহ কমে যাওয়ায় পত্রিকাটি নিয়মিতভাবে চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

‘আজীজুননাহার’–এর ইতিহাসের সঙ্গে মীর মশাররফ হোসেনের ব্যক্তিগত জীবনের সম্পর্কও নিবিড়। দ্বিতীয় স্ত্রী বিবি কুলসুমের সঙ্গে সংসার শুরু হওয়ার পর প্রথম স্ত্রী আজীজুননেসার সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি ঘটে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। দুই স্ত্রীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে তিনি সফল হননি। পারিবারিক জীবনে নানা টানাপোড়েন ও ভুল–বোঝাবুঝির সৃষ্টি হয়। মীর মশাররফের ‘বিবি কুলসুম’ গ্রন্থেও এ সম্পর্কের কিছু ইঙ্গিত পাওয়া যায়।

‘আমার জীবনী’ থেকে জানা যায়, ১৩০৪ বঙ্গাব্দে মীর মশাররফ হোসেন আজীজুননেসাকে তালাক দেন। দীর্ঘ দাম্পত্যজীবনের পর এমন সিদ্ধান্তের পেছনে কী কারণ কাজ করেছিল, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তালাকের পরও আজীজুননেসা লাহিড়ীপাড়া ছেড়ে যাননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করেন। ইতিহাসবিদদের মতে, জীবনের শেষ পর্যায়ে তিনি ধর্মকর্ম ও রোজা পালনে অধিক মনোযোগী ছিলেন। লাহিড়ীপাড়ায় তাঁর কবরের অস্তিত্বও রয়েছে বলে জানা যায়।

অন্যদিকে বিবি কুলসুমের মৃত্যু হয় ১৩১৬ বঙ্গাব্দে। এর প্রায় দুই বছর পর মীর মশাররফ হোসেনের জীবনাবসান ঘটে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার পদমদীতে তাঁদের স্মৃতি আজও সংরক্ষিত রয়েছে। সেখানে মীর মশাররফ হোসেন, বিবি কুলসুম এবং তাঁর পরিবারের অন্য সদস্যদের সমাধি ঘিরে বাংলা একাডেমির তত্ত্বাবধানে গড়ে উঠেছে ‘মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র’।

লেখক: প্রাবন্ধিক, গবেষক; ডেপুটি রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার।

পূর্ববর্তী নিবন্ধসেদিন থেকে
পরবর্তী নিবন্ধঅপরিণত বা প্রিম্যাচিওর নবজাতক