কঙবাজারের চকরিয়ায় মোটরসাইকেলের চাকার ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয়েছে নূর মোহাম্মদ লিখন নামের এক মাদক কারবারিকে। ইয়াবা পাচারে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটিও জব্দ করা হয়। গতকাল রবিবার বিকেলে চকরিয়ার মালুমঘাট ইউনিয়নের জলদাস পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চকরিয়া থানা পুলিশের একটি বিশেষ দল চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি পরিচালনা করছিল। এ সময় কঙবাজারের দিক থেকে আসা একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আসতে দেখে থামার সংকেত দেওয়া হয়। মোটরসাইকেল থামানোর পর চালক লিখনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে লিখন মোটরসাইকেলের চাকার ভেতরে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে তাকে আটক করে মোটরসাইকেলটি মালুমঘাট বাজারের আইমান টায়ার অ্যান্ড ভলকানাইজিং ওয়ার্কশপে নিয়ে যায়। এ সময় সামনের ও পেছনের চাকার ভেতরে রাখা ৩৮টি পোটলা থেকে ১৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে ইয়াবা পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটিও।
চকরিয়া থানার ওসি আরিফুর রহমান বলেন, আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মাদক পাচারে অভিনব কৌশল নেওয়া হয়েছিল। তবে চকরিয়া থানা পুলিশ সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ একজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।












