দুই নতুন মুখ লিয়াম স্কট ও জোয়েল ডেভিসকে নিয়ে আগামী মাসে বাংলাদেশ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বাংলাদেশ দলে নেই অস্ট্রেলিয়ার অভিজ্ঞ তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। আসন্ন সিরিজে দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। বাংলাদেশ সফরে ওয়ানডে দলে রাখা হয়েছে নতুন মুখ স্কটকে। ২০২৪–২৫ মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে কাপ ও চলতি মৌসুমে শেফিল্ড শিল্ডের সেরা ক্রিকেটার ছিলেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০ ম্যাচে ১৪ উইকেট ও ৪৬৫ রান করেছেন বোলিং অলরাউন্ডার স্কট। বাংলাদেশ সফরে টি–টোয়েন্টি দলে আছেন বাঁ–হাতি স্পিনার ডেভিস। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৩টি ও টি–টোয়েন্টিতে ২৩ ম্যাচ খেলেছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ৯, ১১ ও ১৪ জুন এবং চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন টি–টোয়েন্টি সিরিজ খেলবে অসিরা। বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশিষ, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভির সাঙ্গা, লিয়াম স্কট, অ্যাডাম জ্যাম্পা। বাংলাদেশ সফরে টি–টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপি, ম্যাট রেনশ, অ্যাডাম জ্যাম্পা।













