চট্টগ্রামের বাঁশখালী আজ এক কঠিন মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জলোচ্ছবাসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্লাবিত হয়েছে। হাজার হাজার পরিবার ঘরবাড়ি হারিয়েছে, ফসল নষ্ট হয়েছে, গবাদিপশু ভেসে গেছে। অনেক মানুষ এখনও আশ্রয়কেন্দ্র কিংবা উঁচু স্থানে মানবেতর জীবনযাপন করছেন। তাদের কাছে আজ সবচেয়ে বড় প্রয়োজন নিরাপদ খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, শুকনা খাবার এবং আশার একটি হাত।
ইতোমধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী দল, শিক্ষার্থী, প্রবাসী ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। তবে বাস্তবতা হলো, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এত বেশি যে এখনও অনেক পরিবার কোনো ধরনের সহায়তা পায়নি। দুর্গম এলাকা, বিচ্ছিন্ন গ্রাম ও পাহাড়ি অঞ্চলের অসংখ্য মানুষ এখনও সাহায্যের অপেক্ষায় দিন কাটাচ্ছেন।
বিশেষ করে সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, প্রবাসী এবং বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের প্রতি আহ্বান– আপনাদের সহযোগিতা আজ অসংখ্য অসহায় পরিবারের মুখে হাসি ফিরিয়ে দিতে পারে। মানবিক দায়িত্ববোধ থেকেই এই দুর্যোগে এগিয়ে আসুন।
মানুষ মানুষের জন্য। মানবিকতার এই আহ্বানে সাড়া দিন। বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান।
তৌহিদ–উল বারী
বাঁশখালী, চট্টগ্রাম।











