বাঁশখালীতে আগুনে পুড়েছে ৬ বসতঘর

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার গন্ডামারা ও সরল ইউনিয়নে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর ভোরে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব বড়ঘোনা এলাকার আমির হামজা বাপের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পাঁচটি বসতঘরের আসবাবপত্র, মূল্যবান মালামালসহ সবকিছু পুড়ে যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন একই এলাকার মৃত শামসুল আলমের ছেলে মো. আব্দুল আজিজ মাঝি, মাওলানা মহিউদ্দিন, মৃত হারুনের ছেলে আব্দুস সত্তার, আব্দুন নুর এবং মৃত ইয়াকুব আলীর ছেলে মো. আকতার। অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সরল এলাকার জলকদর খালের বেড়িবাঁধসংলগ্ন নতুন বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মো. রশিদের একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায়ও আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, বাঁশখালীতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি বসতঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের প্রকৃত কারণ ও সূত্রপাত তদন্তের পর জানা যাবে বলে তিনি জানান ।

পূর্ববর্তী নিবন্ধমিশরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত ৮৮
পরবর্তী নিবন্ধসার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা আঞ্চলিক কমিটির পরিচিতি সভা