চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে চারটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার উপজেলার গুনাগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও যানবাহন স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক এবং বাঁশখালী ট্রাফিক বিভাগের সার্জেন্ট রুবেল হোসেন মিজি।
অভিযান চলাকালে কয়েকটি গণপরিবহনের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে চারটি মামলা দায়ের করা হয় এবং মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ শেষে কর্মস্থলমুখী মানুষের যাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে সড়কে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানি এবং সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন বলেন, “যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের অধিকার নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।
এদিকে প্রশাসনের এমন উদ্যোগে সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন, যাতে ঈদসহ বিভিন্ন উৎসবের সময়ে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন।










