ইতিহাস গড়তে চলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজ ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৬০ বছরের গৌরবোজ্জ্বল পথচলা পূর্ণ হতে যাচ্ছে। উদযাপিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত হীরকজয়ন্তী উৎসব। গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি। এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো ক্যাম্পাস। বর্ণিল আলোকসজ্জা, পরিচ্ছন্ন পরিবেশ এবং নানা সাজসজ্জায় নতুন রূপে সেজেছে বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে যেন ছড়িয়ে পড়েছে আনন্দ, উচ্ছ্বাস আর ফিরে দেখার এক আবেগঘন আবহ। দীর্ঘ ছয় দশকের স্মৃতি, অর্জন, সংগ্রাম ও গৌরবকে একসূত্রে বাঁধতে যাচ্ছে এই আয়োজন। আজ প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারণে ব্যস্ত থাকবেন। যে স্মৃতি কখনো মধুর, কখনো বেদনার। কখনো প্রীতিময়, আবার কখনো ভীতিময়। নানা ধরনের স্মৃতি তাঁদের রহস্যময় মস্তিষ্কে ভিড় জমাবে। এই স্মৃতিময় দিনগুলি কর্মময় জীবনের নানা মুহূর্তেও ভেসে ওঠে মনের পর্দায়। হেমন্তের সেই বিখ্যাত গানের কথা মনে পড়ে: ‘মুছে যাওয়া দিনগুলো আমায় যে পিছু ডাকে/ স্মৃতি যেন আমারই বেদনার রঙে রঙে ছবি আঁকে।’ স্মৃতিময় আর প্রীতিময় দিনগুলোকে মনোমন্দিরে উজ্জ্বল করে রাখার জন্যে নানারকম উদ্যোগ নেওয়া হয়েছে। গঠিত হয়েছে বিভাগওয়ারী ‘অ্যালামনাই এসোসিয়েশন’। সম্মিলিতভাবে গঠিত হয়েছে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন’। গঠিত হয়েছে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখক পরিষদ’। আজ সবাই মিলিত হবেন একই পতাকাতলে।
১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর দীর্ঘ ৬০ বছরে এই বিশ্ববিদ্যালয় থেকে অনেক জ্ঞানীগুণীর জন্ম হয়েছে। নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপমহাদেশের খ্যাতিমান ভৌতবিজ্ঞানী অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম, অধ্যাপক আবুল ফজল, অধ্যাপক ড. আনিসুজ্জামান, সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেন, অধ্যাপক আলাউদ্দিন আল আজাদ, অধ্যাপক সৈয়দ আলী আহসান, অধ্যাপক মুর্তজা বশীর, সাবেক ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানসহ বহু কীর্তিমান মনীষী জ্ঞানের আলো ছড়িয়েছেন এ বিশ্ববিদ্যালয়ে।
পত্রিকায় প্রকাশিত তথ্যানুযায়ী, ‘বিশ শতাব্দীর শুরুর দিকে চট্টগ্রাম বিভাগে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় চট্টগ্রামের অধিবাসীরা স্থানীয়ভাবে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুভব করে। ১৯৪০ খ্রিস্টাব্দের ২৮ ডিসেম্বর, কলকাতায় অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সম্মেলনে মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী সভাপতির ভাষণে চট্টগ্রাম অঞ্চলে একটি ‘ইসলামিক ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার কথা উপস্থাপন করেন এবং একই লক্ষ্যে তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দেয়াঙ পাহাড়ে বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ভূমি কিনেন। দুই বছর পর, ১৯৪২ খ্রিস্টাব্দের ২৮ ফেব্রুয়ারি নূর আহমদ চেয়ারম্যান বঙ্গীয় আইন পরিষদে চট্টগ্রামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক দাবি উত্থাপন করেন। তবে নানাকারণে মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ‘ইসলামিক ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হয়নি। কিন্তু এ অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যে স্বপ্ন সবার মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন, যে আন্দোলন তিনি গড়ে তুলেছিলেন, তারই ধারাবাহিকতায় ষাটের দশকে তৎকালীন পাকিস্তানের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা (১৯৬০–১৯৬৫) প্রণয়নকালে চট্টগ্রামে একটি ‘বিজ্ঞান বিশ্ববিদ্যালয়’ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের নির্মাণের স্থান হিসেবে শহরের কেন্দ্রে অবস্থিত চট্টগ্রাম সরকারি কলেজকে সম্ভাব্য ক্যাম্পাস হিসেবে নির্বাচিত করা হয়। ১৯৬২ খ্রিস্টাব্দে তৎকালীন পূর্বুপাকিস্তানের জনশিক্ষা উপপরিচালক মোহাম্মদ ফেরদাউস খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একটি প্রাথমিক খসড়া পরিকল্পনা তৈরি করেন। ১৯৬৪ খ্রিস্টাব্দের ৯ মার্চ জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করা হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম ওসমান গণিকে চেয়ারম্যান এবং ড. কুদরাত–এ–খুদা, ড. মুহম্মদ শহীদুল্লাহ, এম ফেরদৌস খান ও ড. মফিজউদ্দীন আহমদকে সদস্য করে বিশ্ববিদ্যালয়ের ‘স্থান নির্বাচন কমিশন’ গঠিত হয়। এই কমিশন সরেজমিনে পর্যবেক্ষণ করে হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের জঙ্গল পশ্চিমপট্টি মৌজার নির্জন পাহাড়ি ভূমিকে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের স্থান হিসেবে সুপারিশ করে। ১৯৬৪ খ্রিস্টাব্দের ২৯ আগস্ট পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৬৫ খ্রিস্টাব্দের ৩ ডিসেম্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বরেন্দ্র গবেষণা জাদুঘরের প্রাক্তন কিউরেটর ড. আজিজুর রহমান মল্লিককে (এ আর মল্লিক) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকল্প–পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। ১৯৬৬ খ্রিস্টাব্দের ১৮ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।’ প্রতি বছর নতুন স্বপ্ন নিয়ে হাজারো মুখ আসছে, আবার সাফল্যের পথে যাত্রা করে হাজারো মুখ বিদায় নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের দৃপ্ত পদচারণায় এই হীরক জয়ন্তী উৎসব সফল হবে নিঃসন্দেহে। বলা যায়, অ্যালামনাইগণ হলেন বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র। তাদের কর্মকাণ্ড ও অর্জন বিশ্বের দরবারে শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল করে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানদণ্ডে অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে অ্যালামনাইদের সহযোগিতা জরুরি। শুধু বাংলাদেশের সেরা নয়, বরং এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় যেন চবির স্থান শীর্ষে থাকে– সে লক্ষ্যেই কাজ করছেন সংশ্লিষ্টরা। প্রাক্তন–বর্তমান ছাত্র–শিক্ষকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম সর্বত্র ছড়িয়ে দিতে হবে।







