চন্দনাইশে খেলতে গিয়ে পুকুরে ডুবে একই সাথে মামাতো–ফুফাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার বরকল ইউনিয়নের ৪নং ওয়ার্ড কানাই মাদারী নিদাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল মুবিন এর ছোট ভাই মনসুর আলীর ছেলে আরাফ হোসেন (৬) ও ছোট বোন রানু আকতারের ছেলে মোঃ রিহান (৬)। এরমধ্যে রানু আকতার গত কিছুদিন আগে বান্দরবান থেকে চন্দনাইশে বেড়াতে এসেছিলেন।
সাবেক মেম্বার আবদুল মুবিন সাংবাদিকদের জানান, তার প্রবাসী ভাই মনসুর আলীর বড় ছেলে আরাফ হোসেন ও তার বোন রানু আকতারে ছেলে মোঃ রিহান গতকাল রবিবার বিকেলে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে জাল ফেলে তাদের নিথর দেহ উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, রিহানের পিতা তার ভগ্নীপতি আজাদ হোসেনও প্রবাসি। তিনি বান্দরবানের অধিবাসী। আরাফ ও রিহান দু‘ভাই প্রথম শ্রেণীর শিক্ষার্থী। তিনি জানান, মনসুর আলীর ৩ মাস বয়সী একটি পুত্র সন্তান আর আজাদ হোসেনের ১ বছর বয়সী আরেক পুত্র সন্তান রয়েছে।
বরকল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল হোসেন জানান, রাত ১০ টায় আরাফ হোসেনের জানাজা শেষে নিদাগীর পাড়ায় তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আর রিহানের লাশ তাদের গ্রামের বাড়ী বান্দরবানে নিয়ে যাওয়া হয়। একই সাথে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যুতে উভয় পরিবারে শোকের ছাঁয়া নেমে এসেছে।










