বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা আবার শুরু

গতকাল অনুপস্থিত ছিল ১,৮২৫ জন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ জুলাই, ২০২৬ at ৪:১৫ পূর্বাহ্ণ

সাম্প্রতিক বন্যার কারণে টানা কয়েক দফা পরীক্ষা স্থগিত থাকার পর অবশেষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা আবারও শুরু হয়েছে। পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী গতকাল সোমবার অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। পাঁচ জেলার ১১৪টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৭৭ হাজার ৫৫৬ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭৫ হাজার ৭৩১ জন। অনুপস্থিত ছিল এক হাজার ৮২৫ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৩৫ শতাংশ। চট্টগ্রামে একজন পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনাও ঘটেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, গতকাল পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কার্যালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে শিক্ষা বোর্ড জানিয়েছে, সব কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জেলাভিত্তিক উপস্থিতির হিসাবে চট্টগ্রামের ৬৮টি কেন্দ্রে ৫৬ হাজার ৫৮৭ পরীক্ষার্থীর মধ্যে ৫৫ হাজার ৩৮৫ জন পরীক্ষায় অংশ নেয়, অনুপস্থিত ছিল এক হাজার ২০২ জন। কঙবাজারের ১৮টি কেন্দ্রে ৯ হাজার ৯২ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮ হাজার ৮২৯ জন, অনুপস্থিত ২৬৩ জন। রাঙ্গামাটির ১০টি কেন্দ্রে তিন হাজার ৯৬৬ জনের মধ্যে তিন হাজার ৮৫৭ জন অংশ নেয়, অনুপস্থিত ছিল ১০৯ জন। খাগড়াছড়ির ১০টি কেন্দ্রে পাঁচ হাজার ২১৯ জনের মধ্যে পাঁচ হাজার ৬৫ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ১৫৪ জন। বান্দরবানের আটটি কেন্দ্রে দুই হাজার ৬৯২ পরীক্ষার্থীর মধ্যে দুই হাজার ৫৯৫ জন পরীক্ষায় অংশ নেয়, অনুপস্থিত ছিল ৯৭ জন।

উল্লেখ্য, সাম্প্রতিক বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে সংশোধিত সময়সূচি প্রকাশের মাধ্যমে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় নেওয়ার সিদ্ধান্ত হয়। সেই সূচি অনুযায়ী গতকাল থেকে পরীক্ষা কার্যক্রম আবারও শুরু হলো।

পূর্ববর্তী নিবন্ধহাসিনাসহ ৩১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পরবর্তী নিবন্ধএসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট