বন্দরের অভ্যন্তর থেকে কন্টেনার পাচার, দুই কর্মচারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ মে, ২০২৬ at ৫:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তর থেকে কন্টেনার পাচারের ঘটনায় বন্দরের দুই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। বন্দর থানা পুলিশ এক অভিযান চালিয়ে মিজানুর রহমান এবং আবু সুফিয়ান নামের দুই কর্মচারীকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে গত বছরের ৪ আগস্ট থেকে গত ২ এপ্রিলের মধ্যে চীন থেকে আমদানিকৃত গার্মেন্টসের কাপড়বোঝাই একটি কন্টেনার চুরি করা হয় বলে বন্দর থানায় মামলা রুজু করা হয়। কন্টেনারটি আমদানি করেছিল গাজীপুরের মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড নামের একটি কোম্পানি। কন্টেনার নম্বরটিসিএলইউ৮৫৫৭৩০৪এঙ ৪০। কয়েক কোটি টাকার কাপড়বোঝাই কন্টেনারটি বন্দরে পৌঁছালে বার্থ অপারেটর বশির আহাম্মদের মাধ্যমে জাহাজ থেকে খালাস করা হয়। জাহাজ থেকে খালাসের পর কন্টেনারটি বন্দরের জে আর ইয়ার্ডে রাখা হয়। কন্টেনারটি ডেলিভারি নিতে গিয়ে সিএন্ডএফ এজেন্ট এস জামান এন্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেড শুল্ককরাদি পরিশোধ করে, কিন্তু ইয়ার্ডে গিয়ে আর কন্টেনার খুঁজে না পেয়ে অবশেষে বন্দর থানায় মামলা দায়ের করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম কন্টেনার পাচারের ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করে এর সাথে বন্দরের দুই কর্মচারীর সংশ্লিষ্টতার প্রমাণ পায়। অবশেষে গতকাল বুধবার ওই দুই কর্মচারীকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মিজানুর রহমান (৩৫) পিরোজপুরের মঠবাড়িয়ার উলুবাড়িয়া গ্রামের মৃত ওয়াহাব আকনের পুত্র। তিনি বর্তমানে চট্টগ্রাম বন্দরের উচ্চমান বহি: সহকারী হিসেবে কর্মরত। অপরজন আবু সুফিযান (৪০) নোয়াখালীর সেনবাগের শহীদ উল্ল্যাহ মাস্টার বাড়ির মৃত আবু তাহেরের পুত্র। তিনি বন্দরের কিপ ডাউন এসসি ১৮৮ হিসেবে কর্মরত। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে বন্দর থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ছয় মাস পূর্ণ করলেন ডিসি, দিলেন নিজের কার্যক্রমের বিবরণ