‘বনলতা এক্সপ্রেস’ এবার হোম স্ক্রিনে

| বুধবার , ২০ মে, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

প্রেক্ষাগৃহে ব্যাপক সাফল্যের পর ওটিটিতে মুক্তি পাচ্ছে তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আসছে সিনেমাটি। বিজ্ঞপ্তিতে প্ল্যাটফর্মটি জানিয়েছে, আগামী ২৪ মে থেকে বিশ্বব্যাপী একযোগে স্ট্রিম করা যাবে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি। খবর বিডিনিউজের।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। রোজার ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা পেয়েছে। দেশের বক্স অফিসেও সিনেমাটি টানা হাউসফুল শোয়ের রেকর্ড গড়েছে। পাশাপাশি আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বড় বড় শহরে সফলভাবে প্রদর্শিত হয় ‘বনলতা এক্সপ্রেস’। তানিম নূর সিনেমার কাহিনীতে যাত্রাপথের নানা ঘটনার মধ্য দিয়ে স্মৃতি, রাজনীতি ও মন্ত্রীর কবিতা পাঠ, সম্পর্ক, বিচ্ছেদ ও মানুষের আবেগের দিক তুলে ধরেছেন। পাশাপাশি দেখা গেছে পেশাদার দায়িত্ববোধের দৃশ্যও। ‘বলনলতা এক্সপ্রেস’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ার নিয়ে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, বনলতা এক্সপ্রেস নিয়ে দর্শকদের যে উন্মাদনা আমরা সিনেমা হলে দেখেছি, তা এককথায় ঐতিহাসিক। প্রেক্ষাগৃহে বিশ্বজুড়ে যে জোয়ার তৈরি হয়েছে, এবার তা আমরা দর্শকদের বসার ঘরে পৌঁছে দিতে যাচ্ছি। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, সাবিলা নূর, শরিফুল রাজ, জাকিয়া বারী মম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার, শামীমা নাজনীন, আরেফিন জিলানী, সাবরিন আজাদ, লাবণ্য চৌধুরী, তামিম করিম, সিফাত রহমান, এ কে আজাদ সেতুসহ আরও অনেকে। সিনেমায় রয়েছে বেশ কিছু মৌলিক গান।

পূর্ববর্তী নিবন্ধসালমান-শাবনূর জুটির ‘তোমাকে চাই’ দেখা যাবে বড় পর্দায়
পরবর্তী নিবন্ধস্পেনে গুলিবর্ষণের ঘটনায় নিহত ২, আহত ৪