বিশ্বকাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে ফ্রান্সকে তেমন কোনো সুযোগই দেয়নি স্পেন। নিজেদের ফুটবল খেলে পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে জয় পেয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এমন জয় সম্ভব ভাবতেও পারেননি ডিফেন্ডার পেদ্রো পররো। প্রথম সেমি–ফাইনালে ২–০ ব্যবধানের জয়ে বড় অবদান রেখে ম্যাচ সেরা হন পররো। দ্বিতীয়ার্ধে উঠে যাওয়ার আগ পর্যন্ত রক্ষণে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। দলের দ্বিতীয় গোলটিও করেন তিনি। নিজে গোল করবেন, ফ্রান্সকে এভাবে হারাবে স্পেন, কখনও ভাবতেও পারেননি টটেনহ্যাম হটস্পারের রাইট–ব্যাক পররো। ‘যেন স্বপ্ন সত্যি হলো। সত্যি বলতে আমি কখনও এমন কিছু কল্পনাও করিনি। এমন কিছু স্বপ্নেও ভাবিনি কখনও। বিশ্বকাপে অসাধারণ ফুটবল খেলছে এমন একটি দলের বিপক্ষে আমরা সবকিছু ঠিকঠাক করেছি।’ পররো মনে করেন, এটা সম্ভব হয়েছে পুরো দলের মিলিত চেষ্টায়। ‘আমাদের ফাইনালে যাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বল নিজেদের দখলে রাখা। এটা অবিশ্বাস্য একটা দলের, অসাধারণ এক ঝাঁক ফুটবলারের জয়– এটা আমাদের ২৬ জনের সবার জয়।’











