ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখতে জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে

উত্তর পাহাড়তলী বিএনপির অনুষ্ঠানে নাজিমুর রহমান

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:০৭ পূর্বাহ্ণ

‘ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি, জনমনে আতঙ্ক ছড়ানো এবং সন্ত্রাসের মাধ্যমে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

গতকাল শুক্রবার বিকেল ৩টায় চট্টগ্রামের পূর্ব ফিরোজশাহ কৈবল্যধাম আশ্রম রোড এলাকায় উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ‘সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

নাজিমুর রহমান বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দমন–পীড়ন ও প্রতিকূলতার মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্রের প্রশ্নে আপসহীন অবস্থান বজায় রেখেছেন। নানা নির্যাতন ও বাধা সত্ত্বেও তারা রাজপথের আন্দোলন–সংগ্রাম থেকে সরে দাঁড়াননি। সেই সংগ্রামের ধারাবাহিকতায় বর্তমান গণতান্ত্রিক পরিবেশকে সুসংহত করতে সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা, উসকানি ও সংঘাতের পথ পরিহার করে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু।

উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সাত্তার সেলিম, মাইনুদ্দিন চৌধুরী মাঈনু, সীতাকুণ্ড থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোরসালিন, বিএনপি নেতা রেহান উদ্দিন প্রধান, হাবিবুর রহমান চৌধুরী, শহীদুল্লাহ বাহার, মাহবুবুল আলম, শাহরিয়ার জিয়া, আব্দুর রহিম সজল, নুর বঙ মিলন, মো. হানিফ, বেলাল, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাহমুদ, থানা যুবদলের সদস্য সচিব ইলিয়াস খান এবং বিএনপি নেতা জসিমউদ্দীন, নাছির উদ্দীন ও ফজল আমিন ডিসি প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পূর্ব ফিরোজশাহ কৈবল্যধাম আশ্রম মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ কে খান মোড়ে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতাফসীর মাহফিলকে মিলনমেলায় পরিণত করতে হবে