বোয়ালখালীতে বিএনপির নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে মো. সাদ্দাম (৩২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়। তিনি পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয়ে বিভিন্ন পোস্ট ও প্রচারণা চালানোর অভিযোগে এলাকাবাসী মো. সাদ্দামকে আটক করে পুলিশে সোপর্দ করে। এর আগে গত বুধবার রাতে গোমদণ্ডী ফুলতল এলাকায় বিএনপির নাম ব্যবহার করে ফেইক আইডির মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ জড়ো হন। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বোয়ালখালী থানার ওসি মোজাফফর হোসেন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে মো. সাদ্দামকে আটক করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়েছে।











