দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। গতকাল শুক্রবার সকালে হঠাৎ ত্রুটি দেখা দিলে কর্তৃপক্ষ ইউনিটটি বন্ধ করে দেয়। এটি চালু করতে প্রায় একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বাংলানিউজের।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ১ নম্বর ইউনিটের পাম্পের ত্রুটি মেরামতের কাজ চলছে। আজ শনিবারের মধ্যে ইউনিটটি চালু করে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার আশা করা হচ্ছে। কেন্দ্র সূত্রে জানা যায়, বন্ধ হওয়ার আগে ১ নম্বর ইউনিট থেকে ঘণ্টায় প্রায় ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল। পাম্পে ত্রুটি দেখা দেওয়ার পর ইউনিটটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এদিকে, বিদ্যুৎকেন্দ্রের ৩ নম্বর ইউনিট বর্তমানে চালু রয়েছে। এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে, কেন্দ্রের ২ নম্বর ইউনিটটি ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে। ফলে বর্তমানে ১ নম্বর ইউনিটের মেরামত শেষে দ্রুত উৎপাদনে ফেরানোর দিকেই নজর কর্তৃপক্ষের।











