নেপালের মধ্যাঞ্চলীয় গোর্খা জেলায় আকস্মিক বন্যায় অন্তত দুটি গ্রাম ও একাধিক সেতু পুরোপুরি ভেসে গেছে। খবর বিডিনিউজের। দেশটির সবচেয়ে বড় ও দীর্ঘ ধর্মীয় উৎসব দসাই শুরুর দিনে নেমে আসা এই দুর্যোগে অন্তত পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিবিসি। কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ৯ জন বিদেশি নাগরিকসহ অন্তত ৯৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজদের সন্ধানে সেনাবাহিনী চারটি হেলিকপ্টার এবং ৭০০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করেছে। বন্যাদুর্গত চুমুনুব্রি পল্লী পৌরসভার চেয়ারম্যান নিমা লামা জানান, নিখোঁজ পাঁচজনই রাখাল বলে ধারণা করা হচ্ছে। তাদের পাশাপাশি প্রায় ১০০টি গরুও নিখোঁজ রয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ২০৪টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাড়ে ছয় শতাধিক মানুষ সরাসরি বিপর্যয়ের মুখে পড়েছেন। সেতু ও প্রধান সড়কগুলো ধসে পড়ায় পুরো এলাকাটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বর্তমানে সেখানে ত্রাণ ও চলাচলের একমাত্র মাধ্যম কেবল আকাশপথ। হঠাৎ এই প্রলয়ঙ্করী বন্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।












