তেলের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়াল

| মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২৬ at ৮:৫০ পূর্বাহ্ণ

সৌদি আরবে হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে প্রায় দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সোমবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়ে যায়। খবর বাংলানিউজের।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে নতুন করে ডিজেল সরবরাহ এবং রাশিয়া–ইউক্রেনের মধ্যে জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। গ্রিনিচ মান সময় ১৩টা ২১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ ডলার ৭ সেন্ট বা ২ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৭৯ সেন্টে দাঁড়ায়। ২৯ সেপ্টেম্বরের পর এটিই সর্বোচ্চ দাম। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ১ ডলার ৬৯ সেন্ট বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৩ ডলার ৫৪ সেন্টে পৌঁছায়। ইরান–সমর্থিত হুতিরা শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেছে। ওই হামলায় ১৩ জন নিহত ও ৩০০ জনের বেশি আহত হন। রোববারও আরও হামলার ঘটনা ঘটে। এছাড়া চলতি মাসে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারে আরও হামলার খবর পাওয়া গেছে।

এতে সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানির যে পুনরুদ্ধার দেখা গিয়েছিল, তা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাশিয়া-ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতির দাবি ট্রাম্পের, জেলেনস্কির বিস্ময়
পরবর্তী নিবন্ধফের আকস্মিক বন্যা নেপালে, নিখোঁজ ৫