ফটিকছড়ি উত্তর উপজেলা নিয়ে স্থিতাবস্থা আরও ৬ মাস বাড়ালো হাইকোর্ট

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৮:৩৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উত্তর উপজেলায় সুয়াবিল ইউনিয়নকে অন্তর্ভুক্তি এবং পশ্চিম ভূজপুর মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপনের কার্যক্রমের ওপর আগে দেওয়া তিন মাসের স্থিতাবস্থার (স্ট্যাটাস কো) মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে হাইকোর্ট।

গত বুধবার বিচারপতি সিকদার মাহমুদুর রাজি ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। উত্তর ফটিকছড়ির তিন ইউনিয়নের পক্ষে দায়ের করা রিটের আইনজীবী সাবেক বিচারপতি অ্যাডভোকেট ফয়সাল মাহমুদ ফয়জী বিষয়টি নিশ্চিত করেছেন। এ আদেশের ফলে সুয়াবিল ইউনিয়নকে উত্তর উপজেলায় অন্তর্ভুক্তি এবং পশ্চিম ভূজপুর মৌজায় উপজেলা সদর দপ্তর স্থাপনের কার্যক্রম আগামী ছয় মাসের জন্য আগের মতোই স্থিতাবস্থায় থাকবে। তবে উত্তর উপজেলার অন্যান্য দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলমান থাকবে।

গত ৮ জুলাই জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকারের) বৈঠকে দেশের ৫০১তম উপজেলা হিসেবে ফটিকছড়ি উত্তর উপজেলা অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত নতুন উপজেলার সদর দপ্তর পশ্চিম ভূজপুর মৌজায় নির্ধারণ করা হলে এ নিয়ে উত্তরের তিন ইউনিয়নের মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে তারা গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

বিষয়টি নিয়ে উত্তরের তিন ইউনিয়নের পক্ষে শফিউল আলম এবং দক্ষিণের সুয়াবিল ইউনিয়নের পক্ষে এস এম শফিউল আলম পৃথক দুটি রিট পিটিশন দায়ের করেন। রিটকারীদের আইনজীবী সাবেক বিচারপতি অ্যাডভোকেট ফয়সাল মাহমুদ ফয়জী জানান, পৃথক দুটি রিট পিটিশন দায়েরের পর হাইকোর্ট সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি রুল জারি করেন। কিন্তু রুল নিষ্পত্তি না হওয়ার আগেই পশ্চিম ভূজপুর মৌজায় উত্তর উপজেলা সদর দপ্তর স্থাপন নিশ্চিত করে রাষ্ট্রপতির দপ্তর থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি রিটকারীদের আইনজীবী আদালতের নজরে আনলে বিচারপতি আহমেদ ফয়সল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ তিন মাসের জন্য স্থিতাবস্থা জারি করেন।

ওই আদেশে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পশ্চিম ভূজপুরে উত্তর উপজেলা কার্যালয় স্থাপন এবং দক্ষিণের সুয়াবিল ইউনিয়নকে উত্তর উপজেলায় অন্তর্ভুক্ত করার কার্যক্রম স্থিতাবস্থায় রাখার নির্দেশ দেওয়া হয়। তবে উত্তর উপজেলার অন্যান্য দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার সুযোগ রাখা হয়।

আইনজীবী ফয়সাল মাহমুদ ফয়জী আরও জানান, আগের আদেশের তিন মাসের মেয়াদ শেষ হলেও রিটের নিষ্পত্তি না হওয়ায় রিটকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার হাইকোর্ট পুনরায় ছয় মাসের জন্য স্থিতাবস্থার মেয়াদ বৃদ্ধি করেছেন। রিটকারীদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট এহসানুল করিম, সাবেক বিচারপতি অ্যাডভোকেট ফয়সাল মাহমুদ ফয়জী, অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরীসহ প্যানেল আইনজীবীরা।

এদিকে হাইকোর্টের স্থিতাবস্থার মেয়াদ বাড়ানোর খবর ছড়িয়ে পড়ার পর উত্তরের তিন ইউনিয়নের মানুষের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ফটিকছড়ি উত্তর উপজেলা গঠন ও এর প্রশাসনিক কাঠামো নিয়ে এর আগেও নানা আলোচনা–সমালোচনা ও আন্দোলন হয়েছে। বিশেষ করে সদর দপ্তরের অবস্থান এবং সুয়াবিল ইউনিয়নের অন্তর্ভুক্তি নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়ায়। এর আগে নতুন উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সরকার এক কোটি টাকা বিশেষ বরাদ্দ এবং ২০২৬–২৭ অর্থবছরের এডিপির প্রথম কিস্তিতে ২৩ লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ দেয়। তবে সদর দপ্তর স্থাপন ও ইউনিয়ন অন্তর্ভুক্তির বিষয়ে আদালতের স্থিতাবস্থা বহাল থাকায় এ দুটি বিষয় এখনো বিচারাধীন।

পূর্ববর্তী নিবন্ধসয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে আনা হলো বদির ছেলে-ভাইসহ চারজনকে