ফটিকছড়িতে প্রকাশ্যে খালের পাড় কেটে মাটি বিক্রি

হুমকিতে বাড়িঘর ও কৃষিজমি

ফটিকছড়ি প্রতিনিধি ম | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৩৩ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে খালের মাটি প্রকাশ্যেই লুটপাট করে বিক্রি করে দিচ্ছে একটি বেপরোয়া ও প্রভাবশালী সিন্ডিকেট। দিন–রাত জিপ গাড়ি দিয়ে সরকারি ‘পনি খাল’র পাড় ক্ষত–বিক্ষত করে মাটি বিক্রি করা হচ্ছে। এর ফলে খালের তীরবর্তী স্থানীয় বাসিন্দাদের বসতঘর এখন ধসে পড়ার ঝুঁকিতে আছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকলেও প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছে এই অবৈধ মাটি ব্যবসা। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুয়াবিল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভাঙা পুল গ্রামের হামিদ মেম্বার বাড়ির সামনে এ মাটিকাটার মহোৎসব চালাচ্ছে সিন্ডিকেটটি। খালের বাঁধ ও পাড় কেটে সাবাড় করায় খালের পানির স্বাভাবিক প্রবাহ বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি আগামী বর্ষায় ঘরবাড়ি এবং কৃষকের শত শত একর ফসলি জমি বিলীন হতে পারে।

ভুক্তভোগী বিধবা নারী লিলু আক্তার বলেন, গত তিন দিন ধরে জোরপূর্বক পনি খালের পাড় কেটে নিয়ে যাচ্ছে বালতি মালেক ও রুবেল। আমরা নিরীহ মানুষ, বাধা দিতে গেলে উল্টো মেরে ফেলবে, কেটে ফেলবে–এমন হুমকি ধমকি দেওয়া হচ্ছে। গায়ের জোরে খালের বাঁধের মাটি কেটে তারা অন্য জায়গায় বেশি দামে বিক্রি করছে। খালের পাড় কাটার কারণে যেকোনো মুহূর্তে আমার ঘরটি ধসে খালের গর্ভে তলিয়ে যেতে পারে। আমরা এখন প্রতিটা মুহূর্ত চরম আতঙ্কে কাটাচ্ছি। এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। খবর পাওয়া মাত্রই আমাদের টিম কাজ শুরু করেছে এবং অবৈধ মাটিকাটায় ব্যবহৃত একটি গাড়ি ইতিমধ্যে হাতেনাতে আটক করা হয়েছে। মূল অপরাধী ও জড়িতদের ধরার চেষ্টা চলছে। আটক করতে পারলেই আইনের সর্বোচ্চ ধারা প্রয়োগ করে জেল খাটানো হবে।

পূর্ববর্তী নিবন্ধপাড়ে স্যান্ডেল,পুকুরে ডুবে ছিল মৃগীরোগীর দেহ
পরবর্তী নিবন্ধমোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের মোটিভেশনাল সেমিনার