চট্টগ্রাম প্রেস ক্লাব ও আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ গত শনিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় ৩–০ গোলের ব্যবধানে প্রেস ক্লাব টিমকে হারিয়ে জয় তুলে নেয় প্রতিপক্ষ টিম। ম্যাচের শুরুতে প্রধান অতিথি সহ উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রীতি ম্যাচে প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ–কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী (সিআইপি)। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, ক্রীড়া সম্পাদক রুবেল খান, ক্রীড়া উপ–কমিটির আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ ও ক্রীড়া উপ–কমিটির সদস্য মনিরুল ইসলাম পারভেজ সহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। খেলা শেষে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।












