প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রামে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি কর্পোরেট কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও পেশাগত প্রস্তুতির লক্ষ্যে আয়োজিত ৩ দিনব্যাপী ক্যারিয়ার উন্নয়ন কর্মসূচির সমাপ্তি হয়েছে। ‘ডিগ্রির বাইরে : ক্যাম্পাস থেকে কর্পোরেট’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করে ইউনিভার্সিটির শিক্ষার্থী কল্যাণ অধিদপ্তর। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত প্রস্তুতি গড়ে তোলাই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
গত ১২ সেপ্টেম্বর ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার এ কর্মসূচি উদ্বোধন করেন। কর্মসূচিটি ১২, ১৯ ও ২৬ সেপ্টেম্বর প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের কর্পোরেট দক্ষতা, ব্যক্তিগত পরিচিতি গঠন, শিল্পখাতের পেশাজীবীদের সঙ্গে যোগাযোগ, নেতৃত্বগুণ, যোগাযোগ দক্ষতা, আবেগীয় বুদ্ধিমত্তা এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় পেশাগত দক্ষতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়জীবন থেকে পেশাজীবনে প্রবেশের প্রস্তুতি এবং কর্পোরেট পরিবেশে কাজ করার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।
আলোচক ছিলেন ওয়েব ফন্টেইন বাংলাদেশের প্রধান প্রকল্প ব্যবস্থাপনা কর্মকর্তা দীপেশ ব্যানিক। কর্মসূচির শেষ দিনে স্কুল বাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রতিষ্ঠাতা আবদুর রশিদ সোহাগ শিক্ষার্থীদের বিভিন্ন উপস্থাপনা মূল্যায়ন করেন।
সমাপনী অনুষ্ঠানে কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহিত উল আলম শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন। উপস্থিত ছিলেন প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবদুর রহিম। প্রেস বিজ্ঞপ্তি।











