প্রাদুর্ভাব কমলেও ডেঙ্গু চিকিৎসায় কোনো ধরনের অবহেলা নয়

| বৃহস্পতিবার , ১৯ নভেম্বর, ২০২৬ at ১০:১১ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীতে গত ১৭ নভেম্বর একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেটি নগরবাসীর মনে আশার সঞ্চার করেছে। সেটি হলো : ‘চমেক হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কমছে’। এতে বলা হয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কমছে ডেঙ্গু রোগীর চাপ। দুই সপ্তাহ আগেও ডেঙ্গু ওয়ার্ডে শয্যা ছাড়িয়ে বেশিরভাগ রোগীদের বারান্দার মেঝেতেও চিকিৎসা নিতে হতো। রোগী ভর্তি থাকতো ১১০ থেকে ১২০ জন। এখন সেই চিত্র পাল্টেছে। ওয়ার্ডে ভর্তির রোগীর সংখ্যা এখন অর্ধেক কমেছে। গত ১৬ নভেম্বর ওয়ার্ডে ভর্তি রোগী নেমে এসেছে ৫০ এর কোটায়। শুধু চমেক হাসপাতাল নয়, পুরো চট্টগ্রামেই ডেঙ্গু আক্রান্তের গড় কমছে। গত অক্টোবরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৬০৮ জন। দৈনিক আক্রান্তের গড় ছিল ৮৪ জন। চলতি নভেম্বরে ১৬ নভেম্বর পর্যন্ত ছিল ১ হাজার ১৫৩ জন। দৈনিক আক্রান্তের গড় ৭২ জন। তবে কমেনি মৃত্যুহার। গত অক্টোবরে পুরো মাসে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৫ জনের। চলতি মাসে ১৬ নভেম্বর পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। সরেজমিনে চমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখা গেছে, আগের মতো ডেঙ্গু রোগীদের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে না। ওয়ার্ডে রোগীর চাপ কমায় চিকিৎসকদেরও সেবা দিতে সুবিধা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টির সাথে ভ্যাপসা গরমের আবহাওয়া ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তারে একটা সম্পর্ক আছে। এখন দীর্ঘদিন ধরে মাঝারি কিংবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নাই। আবহাওয়ার উষ্ণতাও আগের তুলনায় কমেছে। ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে আমাদের দেশে ডেঙ্গু সংক্রমণ হার সাধারণ জুন–জুলাই ও আগস্টের দিকে বেড়ে সেপ্টেম্বর থেকে আক্রান্তের হার এক সময় কমে যেতো। তবে চলতি বছর দেখা গেছে, ডেঙ্গু বাড়ার হার শুরু হয়েছে আগস্ট থেকে। সেপ্টেম্বর ও অক্টোবরে সেটি চরম আকার ধারণ করে।

প্রতিবেদনে চিকিৎসকদের মতামত তুলে ধরা হয়েছে। তাঁরা বলছেন, ডেঙ্গু রোগীর মূল চিকিৎসা হচ্ছে ফ্লুইড ম্যানেজম্যান্ট। অনেক অনেক রোগী এনএসওয়ান রিপোর্ট হওয়ার সাথে সাথে হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন। এটির আসলে কোনো দরকার নাই। ডেঙ্গুর প্ল্যাটিলেট কাউন্ট ১০ হাজারের নিচে নেমে গেলে তখন ইন্টারনাল ব্লিডিং শুরু হয়। তখন ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজম্যান্টের প্রয়োজন পড়ে। আবার প্ল্যাটিলেট কমা শুরু হয় জ্বর কমে যাওয়ার পর পর। তখন শারীরিক কিছু অসুবিধা দেখা দেয়। ওই সময় হাসপাতালে ভর্তি হতে পারে। সাধারণ মানুষের মধ্যে প্ল্যাটিলেট নিয়ে আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছে, আসলে প্ল্যাটিলেট যখন বাড়া শুরু হয় তখন দ্রুতই বাড়ে। কাজেই ডেঙ্গু জ্বর হলেই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ডেঙ্গু এখন বাংলাদেশের অন্যতম প্রধান জনস্বাস্থ্যঝুঁকি। এডিস মশার কামড়ে ছড়ানো ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ অনেকের ক্ষেত্রে মৃদু জ্বর ও শরীর ব্যথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে কিছু রোগীর ক্ষেত্রে এটি দ্রুত জটিল আকার ধারণ করতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং যাদের আগে একবার ডেঙ্গু হয়েছে, তাদের ক্ষেত্রে সতর্কতা ও যত্ন আরও বেশি প্রয়োজন। ডেঙ্গুকে অতিরিক্ত ভয় পাওয়ার চেয়ে রোগটি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা অনেক বেশি কার্যকর। বিশেষজ্ঞরা বলছেন, জ্বরের শুরুতেই সচেতন হওয়া, চিকিৎসকের পরামর্শ নেওয়া, বিপৎসংকেত চেনা এবং জ্বর কমে যাওয়ার পরও সতর্ক থাকা–এই সাধারণ বিষয়গুলো মেনে চললে ডেঙ্গুর গুরুতর জটিলতার ঝুঁকি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের সচেতনতা ও সময়োপযোগী সিদ্ধান্তই অনেক সময় জীবন রক্ষা করতে পারে। তাঁরা বলেন, ডেঙ্গুর কোনো নির্দিষ্ট ওষুধ বা সঠিক চিকিৎসা নেই। কিছু ঘরোয়া প্রতিকার এ ক্ষেত্রে খুব কার্যকর হতে পারে। এমন অবস্থায় বেশি পানি পান করা উচিত। এর মধ্যে ফলের রস জাতীয় খাবারও দেওয়া যেতে পারে। অত্যন্ত গুরুতর ক্ষেত্রে, রোগীকে ইলেক্ট্রোলাইট দেওয়া উচিত। কিছু ক্ষেত্রে, ব্লাড প্রেসার মনিটর এবং ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমেও চিকিৎসা করা হয়। তবে এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

বর্তমানে ডেঙ্গু রোগীর চাপ কমলেও ডেঙ্গু চিকিৎসায় কোনো অবহেলার সুযোগ নেই। যেভাবে চিকিৎসাসেবা চলছে, তা অব্যাহত রাখতে হবে। সবাইকে এই বার্তা পৌঁছাতে হবে যে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে অসতর্ক থাকারও সুযোগ নেই।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬
পরবর্তী নিবন্ধএই দিনে