গত সোমবার (২৭ জুলাই) প্রকৃতি যেন নিজেই সাজিয়েছিল এক অপূর্ব আয়োজন। টুপটাপ বৃষ্টির সুর, চারপাশে সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর নির্মল বাতাসের পরশে পরিবেশ মানবাধিকার আন্দোলন–পমার আয়োজনে ওআর নিজাম হাউজিং সোসাইটির ‘বেলা লজ’–এ অনুষ্ঠিত হলো হৃদয়ছোঁয়া ‘পমা বর্ষা আড্ডা’। এ যেন ছিল শুধু একটি অনুষ্ঠান নয়, বরং প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের হৃদয়ের এক অনন্য মিলনমেলা। বর্ষার গান, ছড়া ও কবিতা আবৃত্তি, প্রবন্ধ ও গল্প পাঠ, বর্ষার স্মৃতিচারণ এবং প্রাণ–প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় আমাদের করণীয় নিয়ে প্রাণবন্ত আলোচনা আয়োজনটিকে করে তুলেছিল বৈচিত্র্যময় ও ভাবগম্ভীর। বাংলার চিরায়ত বর্ষার স্বাদকে আরও জীবন্ত করে তুলেছিল ঐতিহ্যবাহী নানা পদের সুস্বাদু নাস্তা, ধোঁয়া ওঠা খিচুড়ি এবং মুখরোচক বিভিন্ন খাবার। প্রকৃতির সান্নিধ্যে আন্তরিক আড্ডা, হাসি–আনন্দ, স্মৃতিচারণ আর পরিবেশ রক্ষার দৃঢ় অঙ্গীকার– সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছিল সত্যিই অনন্য।
পমার চেয়ারপারসন প্রফেসর হাসিনা জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজের সঞ্চালনায় পমার বর্ষা আড্ডায় পরিবেশ সুরক্ষায় নাগরিক করণীয় বিষয়ে বক্তব্য দেন চট্টগ্রাম বন্দর
কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ক্যাপ্টেন মোহাম্মদ জাকারিয়া, পমার নির্বাহী সভাপতি পরিবেশবিদ আমিন কাদেরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সাবেক উপ–উপাচার্য ড. মোহাম্মদ কামাল উদ্দিন, চবি রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ জি এম নিয়াজ উদ্দিন, সাইফ উল্লাহ মানসুর, নজরুল গবেষক ড. মুহাম্মদ কামাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন সাকি, অধ্যক্ষ আমির হোসেন মানু, সিজিএস এনসি প্রধান লেখক তহসিন খান, ব্যাংক নির্বাহী মহসিন–উল কাদির, অধ্যক্ষ বদরুল হাসান, ব্যাংকার ও কণ্ঠশিল্পী নাসির উদ্দিন, নেসার আহমদ খান, অধ্যক্ষ অর্পিতা নারগিস, কবি নাসরিন সুলতানা খানম, অধ্যাপক মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ রোকন উদ্দিন, মো. কামরুল হাসান চৌধুরী, সাখাওয়াত শাকিল প্রমুখ। বক্তারা বলেন, প্রকৃতিকে ভালোবেসে দায়িত্বশীলতার পরিচয় দিলে, প্রকৃতিই আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।












