চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পদ নিয়ে সৃষ্ট টানাপোড়েন ও প্রশাসনিক অচলাবস্থার প্রভাবে আর্থিক ব্যবস্থাপনায় বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। উপাচার্য ভবনে তালা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা প্রকল্পে কর্মরত ১০ থেকে ১৫ জন গবেষণা সহকারী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে বরাদ্দ এলেও অনুমোদন ও দাপ্তরিক জটিলতায় তা ছাড় করা যাচ্ছে না। পাশাপাশি নবম জাতীয় বেতনস্কেল কার্যকরের প্রক্রিয়া আটকে থাকায় বঞ্চিত রয়েছেন ১ হাজার ৮৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গবেষণা প্রকল্পের সহকারীদের বেতন ইউজিসির বরাদ্দ থেকে পরিশোধ করা হয়। শুরুতে তহবিলে অর্থ না থাকায় বেতন বন্ধ থাকলেও সম্প্রতি বরাদ্দ এসেছে। তবে কম্পট্রোলার দপ্তরের কার্যক্রম স্থবির হয়ে থাকা এবং উপাচার্যের অনুমোদন না মেলায় অর্থ ছাড় করা সম্ভব হচ্ছে না।
যন্ত্রকৌশল বিভাগের একটি প্রকল্পের গবেষণা সহকারী তানজিলুর রহমান বলেন, পাঁচ মাস ধরে আমাদের বেতন বন্ধ। শুরুতে শুনেছি, ইউজিসি থেকে বরাদ্দ আসেনি। এখন বরাদ্দ এসেছে বলে শুনেছি। তবে উপাচার্য সংক্রান্ত জটিলতার কারণে বেতন দেওয়া হচ্ছে না। কর্মজীবনে প্রবেশ করে তো আর বাসা থেকে টাকা এনে চলতে পারি না। বরং এখন আমাদেরই পরিবারের দেখভাল করতে হচ্ছে। এ অবস্থায় ধারদেনা করে চলতে হচ্ছে। দীর্ঘদিন বেতন না পাওয়ায় আমরা চরম বিপাকে আছি। প্রশাসনের কাছে অনুরোধ, দ্রুত বিষয়টি সমাধান করা হোক। গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক সজল চন্দ্র বণিক জানান, বেতন পরিশোধের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত থাকলেও তা এগোনো যাচ্ছে না। তিনি বলেন, বেতন দেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে আমরা কম্পট্রোলারের কার্যালয়ে পাঠাই। সেখান থেকে উপাচার্যের অনুমোদন নিয়ে বেতন পরিশোধ করা হয়। আমার হাতে ৬–৭টি ফাইল আছে, উপাচার্যের অনুমোদনও পাওয়া যাচ্ছে না। ফলে কাগজপত্র পাঠানো যাচ্ছে না। আটকে আছে গবেষণা সহকারীদের বেতনও। তিনি বলেন, চুয়েটে গবেষণা সহকারীর সংখ্যা ফাইল দেখে জানাতে হবে; মোট সংখ্যা জানা নেই, তবে প্রায় ১০–১৫ জন হবে। আমাদের অর্থবছর শুরু হয় জুলাই থেকে। জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর– এই তিন মাস গবেষণায় ফান্ড না থাকায় বেতন দিতে পারিনি। ফান্ড ছাড়লে সেসময় আন্দোলনের কারণে তা বন্ধ ছিল। চুয়েটের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক হলে তারা বেতন পাবেন।
এদিকে গবেষণা সহকারীদের বেতনের পাশাপাশি ১ হাজার ৮৭ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর নতুন জাতীয় বেতনস্কেল কার্যকর করার বিষয়টিও ঝুলে আছে। ২০২৬ সালের ৩১ জুলাইয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী চুয়েটে শিক্ষক ৩৬৭ জন, কর্মকর্তা ২০৮ জন এবং কর্মচারী ৫১২ জন। স্নাতক ও স্নাতকোত্তর মিলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৮০৩ জন।
চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইকরাম বলেন, অন্য অনেক বিশ্ববিদ্যালয়ে নতুন পে–স্কেলে বেতন দেওয়া হচ্ছে। আমরা এখনো পাইনি। আমরা চাই, উপাচার্য সংক্রান্ত সংকট সমাধান হলে একাডেমিক, প্রশাসনিক ও পে–স্কেল সব সমস্যারই সমাধান হয়ে যাবে। নতুন পে–স্কেল অনুযায়ী বেতনও তখন পাওয়া যাবে।
কম্পট্রোলার কার্যালয় উপাচার্য ভবনে অবস্থিত হওয়ায় দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার মো. শফিকুল আলম। তিনি বলেন, নতুন পে–স্কেলের কার্যক্রম সম্পন্ন করতে উপাচার্যের অনুমোদন লাগে। আমাদের কার্যালয়ও উপাচার্য ভবনে। এদিকে ক্যাম্পাসজুড়ে উপাচার্য পুনর্বহালের আন্দোলন চলছে। এই দাবিতে উপাচার্য ভবনে শিক্ষার্থীরা তালা দিয়েছেন। অর্থাৎ আমাদের অফিসই এখন বন্ধ। তাই এসব কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।
বেতন বন্ধ বা পে–স্কেল আটকে থাকার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে দাবি করেছেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। নতুন পে–স্কেল প্রসঙ্গে তিনি বলেন, বেতনের ব্যাপারে কম্পট্রোলার সেকশনকে গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই আনুষ্ঠানিক ই–মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল। যেহেতু তারা নিয়মিত বেতন–ভাতা পাচ্ছেন এবং এ বিষয়ে এখন পর্যন্ত কেউ পে–স্কেল সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক মতামত বা আপত্তি জানাননি, সেহেতু প্রশাসনিকভাবে বিষয়টি স্বাভাবিক গতিতেই রয়েছে বলে প্রতীয়মান হয়।
গবেষণা সহকারীদের বেতন না পাওয়ার বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম আরও বলেন, গবেষণা সহকারীরা বেতন পাচ্ছেন না– এমন কোনো আনুষ্ঠানিক তথ্য আমাকে জানানো হয়নি। তবে একজন গবেষণা সহকারী ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি তাৎক্ষণিকভাবে বিষয়টি খতিয়ে দেখার জন্য তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইনকে দায়িত্ব দিই। এর বাইরে আর কোনো গবেষণা সহকারী আমার সঙ্গে যোগাযোগ করেননি।












