প্রশান্ত মহাসাগরে চীনের সামরিক প্রভাব ঠেকাতে অস্ট্রেলিয়ার নতুন চুক্তি

| বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক প্রভাব বিস্তারে চীনের প্রচেষ্টায় বড় বাধা তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার সঙ্গে নতুন নিরাপত্তা চুক্তি করে নিজেদের ভূখণ্ডে কোনো বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন করতে না দেওয়ার অঙ্গীকার করেছে সলোমন দ্বীপপুঞ্জ। এতে দেশটিতে সামরিক উপস্থিতি প্রতিষ্ঠার মাধ্যমে কৌশলগত অবস্থান শক্তিশালী করার বেইজিংয়ের সম্ভাবনা কমে গেল বলে মনে করছেন বিশ্লেষকেরা। খবর বাংলানিউজের।

গতকাল অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় দুই দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও ম্যাথিউ ওয়ালে চুক্তিতে সই করেন। আট লাখের বেশি মানুষের বসবাস সলোমন দ্বীপপুঞ্জের প্রায় এক হাজার দ্বীপে। অস্ট্রেলিয়ার উত্তর–পূর্বে অবস্থিত দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে। ২০২২ সালে চীনের সঙ্গে সলোমন দ্বীপপুঞ্জের একটি গোপন নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের পর উদ্বেগ তৈরি হয়।

পশ্চিমা বিশ্লেষকদের আশঙ্কা ছিল, এর সুযোগে চীনা যুদ্ধজাহাজ দেশটির বন্দরে নোঙর করতে পারে এবং ভবিষ্যতে সেখানে সামরিক ঘাঁটিও গড়ে তুলতে পারে। এমন ঘাঁটি স্থাপিত হলে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সামরিক যোগাযোগ এবং নৌপথের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। নতুন চুক্তি অনুযায়ী, সলোমন দ্বীপপুঞ্জের গুরুত্বপূর্ণ অবকাঠামো সামরিকীকরণ থেকে মুক্ত রাখা হবে। দেশটির নিরাপত্তা সহযোগিতা প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ ফোরামের সদস্যদের সঙ্গে সীমিত রাখার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া দেশটির পুলিশ বাহিনীকে শক্তিশালী করা, নাগরিকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সহযোগিতা সম্প্রসারণ করবে।

পূর্ববর্তী নিবন্ধইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে কয়েক ডজন শ্রমিক আটকা
পরবর্তী নিবন্ধহোদাইদাহে হামলা হলে জেদ্দাসহ সব সৌদি বন্দর লক্ষ্যবস্তু করার হুমকি হুতিদের