প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

ইপিজেডসহ বড় উন্নয়ন প্রকল্প চায় চাঁদপুরবাসী

আজাদী ডেস্ক | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৬:৪৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন। এ সফরে তিনি দুটি খালের পুনঃখনন কাজ উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা ও জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এ কথা জানিয়েছে।

সফরসূচি অনুযায়ী, আজ সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় অংশ নেবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজ উদ্বোধন করবেন। খবর বাসসের।

পরে দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং তা উদ্বোধন করবেন। দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

পরে বিকাল ৫টায় তিনি চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওয়ানা হওয়ার মধ্য দিয়ে এ সফর শেষ করবেন প্রধানমন্ত্রী।

ইপিজেডসহ বড় উন্নয়ন প্রকল্প চায় চাঁদপুরবাসী : বিডিনিউজ জানায়, ২২ বছর পর তারেক রহমানের চাঁদপুর সফরকে ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তার এ সফরে চাঁদপুরে ইপিজেড স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবি জানাবেন স্থানীয়রা। গতকাল দুপুরে চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমদ মানিক।

তিনি বলেন, চাঁদপুরবাসীর পক্ষ থেকে ইপিজেড স্থাপন, মেঘনা নদীর পাড়ে স্থায়ী বাঁধ নির্মাণ, অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন এবং চলমান উন্নয়ন কাজ চালিয়ে নেওয়ার দাবি জানানো হবে। তার ভাষ্য, চাঁদপুরে ২০০ থেকে ২৫০ একর জমিতে ইপিজেড করা সম্ভব।

পূর্ববর্তী নিবন্ধ১৪ পদের ১৩টি বিএনপির
পরবর্তী নিবন্ধপুলিশকে তথ্য দেওয়ায় দুই সোর্সের বাড়িতে সন্ত্রাসীদের গুলি