শিশু–কিশোরদের সৃজনশীলতা ও শিল্পপ্রতিভা বিকাশের লক্ষ্যে লোহাগাড়ার চুনতি লাইটহাউসের উদ্যোগে আয়োজিত ‘প্রতিভার খোঁজে’ শিশু–কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মে) সকালে উপজেলার চুনতি সীরাত মাহফিল মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিপুল অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন চুনতি লাইটহাউসের চেয়ারপারসন, আইসিএবি’র ভাইস প্রেসিডেন্ট ও বিশ্বব্যাংকের লিড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট সুরাইয়া জান্নাত খান। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ইউনিলিভার কনজ্যুমারস কেয়ার লিমিটেডের চেয়ারম্যান মাসুদ খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক জাহেদুর রহমান, মাস ইন্টিমেট লিমিটেডের হেড অব এইচআর কশসাফুল হক শেহজাদ, প্রধান শিক্ষক নাসির উদ্দিন মুনিরী, চুনতি সমাজকল্যাণ পরিষদের সদস্য আশিকুর রহমান, মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হক ও মাহমুদুর রহমান সিদ্দিকী তোয়াফ প্রমুখ। চুনতি লাইটহাউসের সাধারণ সম্পাদক রবিউল হাসান আশিকের সঞ্চালনায় ও প্রতিযোগিতার আহ্বায়ক চিত্রশিল্পী আব্দুল হালিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের বিশিষ্টজন, শিক্ষাবিদ, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি–পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তব্যে সুরাইয়া জান্নাত খান বলেন, নতুন প্রজন্মের সৃজনশীল ও নান্দনিক বিকাশে কাজ করছে চুনতি লাইটহাউস। পাশাপাশি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া শিশু–কিশোরদের প্রতিভা বিকাশে চুনতি লাইটহাউস নিয়মিত চিত্রাঙ্কন, বিতর্ক, কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।











