প্রচণ্ড বিরোধিতায় বিনিয়োগ পরিকল্পনা বাতিল করল ফিফা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২ আগস্ট, ২০২৬ at ৭:৩০ পূর্বাহ্ণ

বিশ্বজুড়ে ফুটবল কর্মকর্তাদের তীব্র সমালোচনার মুখে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো শনিবার বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের সুযোগ দেওয়ার পরিকল্পনা বাতিলের ঘোষণা দিয়েছেন। এক বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘আমাদের উদ্দেশ্য সবসময়ই ছিল এবং সবসময় থাকবেঐক্যবদ্ধ করা ও উন্নতি সাধন করা। এর ফলস্বরূপ, এই প্রস্তাব আর এগিয়ে নেওয়া হবে না।’ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা মঙ্গলবার এই পরিকল্পনার কথা প্রকাশ করেছিল। সংস্থাটি বলেছিল, নতুন ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)-এর মূল্য ২০ বিলিয়ন ডলার নির্ধারণ করে এর মাধ্যমে সর্বোচ্চ ৪ দশমিক ২ বিলিয়ন ডলার সংগ্রহ করা সম্ভব হতে পারে। প্রস্তাবিত এই বাণিজ্যিক সহযোগী প্রতিষ্ঠান বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো আয়োজন পরিচালনা করার কথা ছিল। ফিফা জানিয়েছিল, পরিকল্পনাটি অনুমোদিত হলে ২০২৭ সালের শুরুতে সংস্থাটির ২১১ সদস্য অ্যাসোসিয়েশনের প্রত্যেককে এককালীন ২ কোটি ডলার করে দেওয়া হতে পারে। পাশাপাশি ২০২৭২০৩০ চক্রে তাদের তহবিল বরাদ্দ ৮০ লাখ ডলার থেকে বাড়িয়ে ২ কোটি ডলার করা হতে পারে। ৪৭টি সদস্য দেশকে প্রতিনিধিত্বকারী এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) শনিবার পরিকল্পনাটি প্রত্যাহার হবার বিষয়টি স্বাগত জানিয়েছে। কুয়ালালামপুরভিত্তিক সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, বিশ্ব ফুটবলে প্রভাব ফেলতে পারে এমন যেকোনো উদ্যোগ সময়মতো, স্বচ্ছ ও অর্থবহ উপায়ে কনফেডারেশন, ফিফা কাউন্সিল, সদস্য অ্যাসোসিয়েশন এবং অন্যান্য অংশীজনদের সামনে উপস্থাপন ও আলোচনা করা উচিত।’ মেক্সিকান ফুটবল ফেডারেশনও এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, ‘ফুটবলের স্বার্থে সব কনফেডারেশন ও ফেডারেশনের মধ্যে ঐক্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।’ এর আগে চলতি সপ্তাহে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা বলেছিল, ফিফার এই প্রস্তাবগুলো বহাল থাকা পর্যন্ত তাদের কোনো জাতীয় দল ফিফার কোনো প্রতিযোগিতায় অংশ নেবে না। এএফসি এবং উত্তর আমেরিকা ও ক্যারিবীয় ফুটবল ফেডারেশন কনকাকাফও এই উদ্যোগের নিন্দা জানিয়েছিল। উয়েফা এক বিবৃতিতে বলেছিল, ‘বিশ্বকাপকে কোনো বিনিয়োগ পণ্য হিসেবে বিবেচনা করা যায় না। এর কোনও অংশই কখনো ব্যক্তিগত বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়া উচিত নয়। বিশ্বকাপ বিক্রির জন্য নয়।’ শুক্রবার পুরো বিষয়টি নিয়ে ফিফার ওপর চাপ আরও বেড়ে যায়। ওই দিন সংস্থাটির জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো পদত্যাগ করেন। তিনি এই পরিকল্পনাকে ‘ফিফার সদস্য অ্যাসোসিয়েশনগুলোর জন্য, ফুটবলের জন্য এবং খেলাটির দীর্ঘমেয়াদি ভবিষ্যতের জন্য খারাপ চুক্তি বলে অভিহিত করেন।’ ইনফান্তিনোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন কনমেবলএর সভাপতি আলেহান্দ্রো দোমিনগেজও এই প্রকল্পের পরিধি, কাঠামো, পরিচালনব্যবস্থা ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে আরও তথ্য দাবি করেন। রাতের শেষভাগে প্রকাশিত বিবৃতিতে পরিকল্পনাটি বাতিলের ঘোষণা দিয়ে ইনফান্তিনো বলেন, সদস্য অ্যাসোসিয়েশনগুলোকে শক্তিশালী করার উপায় হিসেবে এই প্রকল্পের পরিকল্পনা করা হয়েছিল এবং সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেলেই এটি বাস্তবায়ন করা হতো। তিনি বলেন, ‘সব পক্ষের মতামত সতর্কতার সঙ্গে শোনার পর স্পষ্ট হয়েছে যে, প্রকল্পটি এমন বিভাজন তৈরি করেছে, যা সমর্থনের মাত্রা যাই হোক না কেন, শুরুতে নির্ধারিত উদ্দেশ্যের স্বার্থে আর উপযোগী নয়।’ ফিফা সমালোচকদের জবাব দেওয়ার চেষ্টা করেছিল। শুক্রবার সকালে এক বিবৃতিতে সংস্থাটি বলেছিল, সদস্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছিল, ‘কেউ ফুটবল বিক্রি করছে না।’ ইউরোপীয় ইউনিয়ন উয়েফার খেলার অখণ্ডতা রক্ষার প্রশংসা করার একদিন পর শুক্রবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম বলেন, ফিফার নেতৃত্ব দেওয়ার জন্য ইনফান্তিনো ভুল ব্যক্তি। চাপে থাকা ইনফান্তিনো এখন ফুটবলের উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি পারস্পরিক সমপ্রীতি পুনঃপ্রতিষ্ঠার দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছেন। তিনি বলেন,‘এখন থেকে আমার উদ্দেশ্য হলো আগামী কয়েক দিন ও সপ্তাহের মধ্যে সব সংশ্লিষ্ট পক্ষকে আবার একত্র করা। আমাদের খেলাটির অভিন্ন স্বার্থের চেতনায় এবং সর্বত্র, বিশেষ করে যেসব দেশে আমাদের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে ফুটবলের আরও বিকাশ অব্যাহত রাখার লক্ষ্যে আমাদের সবাইকে এক হতে হবে।’ ফিফার তথ্য অনুযায়ী, জশুয়া কুশনারের প্রতিষ্ঠিত থ্রাইভ ক্যাপিটাল পরিচালিত একটি তহবিল, থ্রাইভ ইটার্নাল, প্রস্তাবিত বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার জন্য নির্ধারিত ছিল। জশুয়া হলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই। ট্রাম্প ও ইনফান্তিনোর মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, যেটির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সমপ্রতি অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের সহআয়োজক ছিল। ট্রাম্প যদিও দাবি করেছেন, বাইরের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ইনফান্তিনোর সঙ্গে কথা বলেননি তিনি।

পূর্ববর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে লিটন
পরবর্তী নিবন্ধযদি গানগুলো নতুন করে গাওয়ার সুযোগ পেতাম : খুরশীদ আলম