পেটে করে ইয়াবা পাচার, এক্স-রে করে ধরা দুই রোহিঙ্গা

কর্ণফুলী প্রতিনিধি | শনিবার , ৭ নভেম্বর, ২০২৬ at ৫:২০ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে পেটে নিয়ে ইয়াবা পাচারের সময় দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক্স–রে পরীক্ষার মাধ্যমে শনাক্তের পর তাদের পেটের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ আব্দুল্লাহ (২২) ও মো. জাহেদ উল্লাহ (২৫)। তারা দুজনই কক্সবাজারের টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে শিকলবাহা ক্রসিং এলাকায় দায়িত্ব পালনকালে ওই দুই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের আটক করা হয়। পরে থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করেন। এরপর তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে এক্স–রে করালে পেটে ইয়াবার পোটলার অস্তিত্ব ধরা পড়ে। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে বিশেষ ওষুধের মাধ্যমে ইয়াবা গুলো বের করা হয়।

কর্ণফুলী থানার ওসি নূর আহমেদ জানান, রোহিঙ্গা ক্যাম্পের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গ্রেপ্তার ব্যক্তিদের সঠিক পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পথরোধ করে ব্যবসায়ীকে এলোপাতাড়ি গুলি