পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফার্মেসি ব্যবসায়ীর

‎পেকুয়া প্রতিনিধি‎ | বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১:০৮ অপরাহ্ণ

‎কক্সবাজারের পেকুয়ায় বন্যায় আটকে পড়া এক বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ (২৫) নামে এক ফার্মেসি ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, বন্ধু ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

‎মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার এবিসি আঞ্চলিক মহাসড়কের সিকদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত মানিক উদ্দিন নাহিদ টইটং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি নতুনপাড়া এলাকার মোক্তার আহমদের ছেলে। তিনি পেকুয়া জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় একটি ফার্মেসির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং স্থানীয়দের কাছে একজন ভদ্র ও সেবাপরায়ণ তরুণ হিসেবে পরিচিত ছিলেন।

‎স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নিহতের ছোট ভাই ওয়াহিদ জানান, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আটকে পড়া এক বন্ধুর খোঁজখবর নিতে মঙ্গলবার রাতে পেকুয়া বাজার থেকে মোটরসাইকেলযোগে নন্দীরপাড়ার উদ্দেশ্যে রওনা দেন মানিক। পথে সিকদারপাড়া এলাকায় পৌঁছালে বৃষ্টিতে পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যান।

‎দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেন। তবে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার নাক ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

‎পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুবরণ করেন।

‎মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে নিয়ে আসে, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার নাক ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় এবং শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
‎উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়

‎নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর এলাকায় শোকের আবহ সৃষ্টি হয়। তার অকাল মৃত্যুতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ব্যবসায়ী মহল ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন। অনেকেই বলেন, অন্যের বিপদের খোঁজ নিতে বের হয়ে নিজের জীবন হারানো সত্যিই হৃদয়বিদারক একটি ঘটনা।

‎এদিকে স্থানীয়রা সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বর্ষা মৌসুমে দুর্ঘটনা এড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সে ভয়াবহ দাবানল : নাশকতার আশঙ্কা মন্ত্রীর, গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে প্রবাসীর বাড়িতে সন্ত্রাসী হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাট