কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুলিশের বিশেষ চোরবিরোধী অভিযানে সংঘবদ্ধ চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই মালামাল ও বিভিন্ন সরকারি সরঞ্জাম উদ্ধার করা হয়। গতকাল শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেকুয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মো. আশরাফ (৩২), মৌলভীপাড়া এলাকার রায়হান (২৫), মগনামা ইউনিয়নের শরৎঘোনা এলাকার সায়েম (২৫), তারেক (২৬) ও মুজিব (১৯)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা পেকুয়া উপজেলার বিভিন্ন এলাকায় দিনের ও রাতের বিভিন্ন সময়ে বাসাবাড়ি, দোকানপাট, সরকারি অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানে চুরি করে আসছিল। পুলিশ সূত্রে জানা যায়, সায়েম, তারেক ও মুজিবসহ কয়েকজন মিলে মগনামা ইউনিয়নের মাহমুদুল করিম চৌধুরী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ল্যাপটপ, প্রজেক্টর, এমপ্লিফায়ারসহ বিভিন্ন সরকারি সরঞ্জাম চুরি করে। এছাড়া আশরাফ ও মুজিব উপজেলার বিভিন্ন এলাকায় সংঘটিত একাধিক চুরির ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ। আটকের পর জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোরাই মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় পেকুয়া থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পেকুয়াকে চোর ও মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।














