কক্সবাজারের পেকুয়ায় বসতবাড়িতে চুরির অভিযোগে ছাদেকুর রহমান (৪৫) ও তার ছেলে রুবেলকে (২০) আটক করেছে পুলিশ। উপজেলার মগনামা ইউনিয়নের পূর্ব মগনামা বাজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আটক বাবা ছেলে পূর্ব মগনামা বাজারপাড়া এলাকার বাসিন্দা। চুরির ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে পেকুয়া থানায় মামলা করেছেন একই এলাকার বাসিন্দা মনজুর জাফর (৭১)।
মামলার এজাহারমতে, গত ২৫ অক্টোবর দিবাগত রাতে অভিযুক্ত ব্যক্তিরা বাদীর বসতবাড়িতে প্রবেশ করে চুরি করেন। ওই সময় বাড়িতে ছিলেন বাদীর বয়োবৃদ্ধ বড় ভাই নজরুল জাফর (৮০) এবং বাড়ির তত্ত্বাবধায়ক ছাবের আহমদ ও তার স্ত্রী রোকেয়া বেগম। অভিযুক্তরা বাড়ির সীমানাপ্রাচীরের লোহার অ্যাঙ্গেল কেটে কাঁটাতারসহ বিভিন্ন মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যান।
পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, চুরির অভিযোগে দায়ের করা মামলায় দুজনকে আটক করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।









