কক্সবাজারের পেকুয়ায় একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজসহ জিয়া উদ্দিন প্রকাশ হানিফ (২৪) নামে এক মোটরসাইকেল মেকানিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বুধামাঝিরঘোনা এলাকার মইয়ারা বর বাড়িতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার হানিফ ওই এলাকার আবুল বশরের ছেলে। তিনি পেকুয়া আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারের পশ্চিম পাশে ভাই ভাই অটো রাইস মিলসংলগ্ন এলাকায় ‘রাফসান মোটরস’ নামে একটি মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হানিফের বসতঘরে অস্ত্র থাকার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় তার শোবার ঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। পরে অস্ত্র ও কার্তুজসহ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হানিফের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো কী উদ্দেশ্যে এবং কীভাবে তার কাছে এসেছে, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পেকুয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।








