পিসিআইইউতে ‘ফটোগ্রাফি টক’ শীর্ষক ফটোসাংবাদিকতা সেমিনার

| বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (পিসিআইইউ) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন পিসিআইইউ মিডিয়া ক্লাবের উদ্যোগে ‘ফটোগ্রাফি টক উইথ ওসমান গণি মনসুর’ শীর্ষক ফটোসাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার। প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. মুহাম্মদ তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সমাজবিজ্ঞান, আইন ও কলা অনুষদের ডিন মাঈনুল হাসান চৌধুরী। মূল আলোচক ছিলেন দেশের বর্ষীয়ান ফটোসাংবাদিক ও সিনিয়র সাংবাদিক ওসমান গণি মনসুর। দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ও সংগ্রামের কথা শিক্ষার্থীদের সঙ্গে বিনিময়ের পাশাপাশি তিনি বাংলাদেশের ফটোসাংবাদিকতার ইতিহাস, গুরুত্বপূর্ণ বিভিন্ন সময়ে ফটোসাংবাদিকদের ভূমিকা এবং পেশাটির নানা বাস্তব দিক তুলে ধরেন। আলোচনায় ফটোসাংবাদিকতার নৈতিকতা ও পেশাগত দায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব দেন ওসমান গণি মনসুর। সত্য, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ উপস্থাপনে একজন সাংবাদিকের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকতা ও ফটোসাংবাদিকতা শুধু ছবি ধারণ বা তথ্য প্রকাশের বিষয় নয়; এর সঙ্গে ন্যায়নীতি, দায়িত্ববোধ ও নিরন্তর প্রচেষ্টা জড়িত। স্বাগত বক্তব্য প্রদান করেন উপাচার্য ড. মুহাম্মদ তৈয়ব চৌধুরী। সমাপনী বক্তব্যে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অভিজ্ঞ সাংবাদিকদের জীবন ও কর্মের গল্প থেকে শিক্ষা নিয়ে নিজেদের দক্ষতা, মূল্যবোধ ও পেশাগত প্রস্তুতি গড়ে তুলতে হবে। ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় দায়িত্বশীল, মানবিক ও নৈতিক ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সেমিনারে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে ফিচার রাইটিং প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ আবদুল করিম সাহিত্যবিশারদের ৭৩তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধ‘যতোদিন পৃথিবী থাকবে ততোদিন থিয়েটার থাকবে’