পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অগ্রাধিকারে রয়েছে

খাগড়াছড়িতে পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সরকার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে অগ্রাধিকার দেয়। সবচেয়ে বেশি বঞ্চিত মানুষকে সবার আগে সহযোগিতা করা হবে জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল বুধবার সকালে খাগড়াছড়ি টাউন হলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, আমরা যদি একেবারে প্রান্তিক পর্যায় থেকে উন্নয়নটা করতে না পারি, তাহলে সেই উন্নয়নের ছোঁয়া কোনো সময়ই সফল হবে না। কারণ প্রান্তিক পর্যায়ে একদম নিচের থেকে যদি আমরা উন্নয়নটা শুরু করি, আমরা আস্তে আস্তে উপরে দিকে যাব।

ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি। পাহাড়ের শিক্ষার্থীরা যাতে অর্থনৈতিক সংকটের কারণে পড়াশোনা থেকে ঝরে না পড়ে সে জন্য সরকারের পক্ষ থেকে শিক্ষা সহায়তা অব্যাহত রাখা হবে। একই সঙ্গে নারীদের আত্মনির্ভরশীল করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রাঙামাটির ভাইসচেয়ারম্যান (যুগ্ম সচিব) শেখ ছালেহ্‌ আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন প্রমুখ।

এসময় কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৭৭৮ জন শিক্ষার্থীর মাঝে ৯২ লাখ ৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়া ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে দেশে মৃত্যু ছাড়াল দুইশ, সেপ্টেম্বরেই ১০৪
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের ৬৫তম পরিচালনা পর্ষদের সভা