পাহাড়ের আঞ্চলিক সংগঠনগুলোকে আরো সহনশীল হয়ে কাজ করার পাশাপাশি ব্যক্তি ও কায়েমি স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণ ও বাংলাদেশে স্বার্থে কাজ করার আহবান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া এমপি।
গতকাল বুধবার সকালে গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সামপ্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। তিনি আরো বলেন, আমি আঞ্চলিক দলগুলোকে অনুরোধ করব, আহ্বান করব, আপনারা একটু সহনশীল হন। কায়েমী স্বার্থবাদের, ব্যক্তি স্বার্থের উঠে জনস্বার্থে, এলাকার সাথে, বাংলাদেশের সাথে আপনারা প্রশাসনকে সাহায্য করুন। জনগণের পাশে দাঁড়ান। আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সবসময় ছিলাম, ভবিষ্যতেও থাকব। এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দোকান ঘর নির্মাণ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার প্রদান, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সোলার ল্যাম্প পোস্ট স্থাপন, স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক আনোয়ার সাদাত, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল কাজী নেহাত ফয়সাল, লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল খান সজিবুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ সামরিক ও বে–সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৫ সালে ২৮ অক্টোবর মারমা কিশোরী ধর্ষণর জেরে সৃষ্ট সহিংসতায় গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।











