নগরের পার্সিভ্যাল হিলের স্বল্পপ্রশস্ত আবাসিক সড়ক ব্যবহার করে দেব পাহাড়ের শেষ প্রান্তে প্রস্তাবিত বহুতল ভবনের যাতায়াতের পথ তৈরির পরিকল্পনা এবং পার্সিভ্যাল হিল জামে মসজিদের অজুখানা জোরপূর্বক ভেঙে ফেলার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
পার্সিভ্যাল হিল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর মসজিদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার জ্যেষ্ঠ নাগরিক, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ বাসিন্দারা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, একটি ডেভেলপমেন্ট কোম্পানি দেব পাহাড়ের শেষ প্রান্তে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করছে। প্রকল্পের যাতায়াতের পথ হিসেবে পার্সিভ্যাল হিলের সরু অভ্যন্তরীণ আবাসিক সড়ক ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। পরিকল্পনা বাস্তবায়িত হলে দেব পাহাড়ের বাসিন্দাদের যাতায়াতের চাপও একই সড়কে এসে পড়বে। ফলে আগে থেকেই স্বল্পপ্রশস্ত এই সড়কে যানবাহন ও পথচারীর চাপ বাড়বে এবং স্থানীয়দের দৈনন্দিন চলাচল দুর্বিষহ হয়ে উঠতে পারে।
বক্তারা আরও বলেন, অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়বে এবং শিশু, নারী ও প্রবীণদের নিরাপদ চলাচল ব্যাহত হবে। এ ছাড়া অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবার যানবাহন চলাচলও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁদের মতে, সড়কের প্রকৃত প্রশস্ততা, ধারণক্ষমতা, জননিরাপত্তা ও স্থানীয় বাসিন্দাদের স্বার্থ বিবেচনা না করে এমন সিদ্ধান্ত নেওয়া যাবে না।
মসজিদের অজুখানা জোরপূর্বক ভেঙে ফেলার অভিযোগ নিয়েও গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন বক্তারা। তাঁরা বলেন, অজুখানা মুসল্লিদের ধর্মীয় কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের স্থাপনা ভাঙার ক্ষেত্রে আইনগত বৈধতা, যথাযথ অনুমোদন এবং ধর্মীয় অনুভূতি ও স্থানীয়দের মতামতের প্রতি সম্মান দেখানো জরুরি। ঘটনার সুষ্ঠু তদন্ত, জবাবদিহি নিশ্চিত করা এবং মুসল্লিদের ধর্মীয় সুবিধা পুনঃপ্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়, সড়কের প্রশস্ততা, জরুরি সেবার প্রবেশাধিকার ও বাসিন্দাদের নিরাপত্তা যাচাই না করে পার্সিভ্যাল হিলের সরু সড়ক ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না। একই সঙ্গে অজুখানা ভাঙার অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
ওয়েলফেয়ার সোসাইটির প্রতিনিধিরা বলেন, এলাকাবাসী উন্নয়নের বিরোধী নন। দাবি না মানলে আইনানুগ ও শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।











