বিশ্ব হার্ট দিবস উপলক্ষে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, হৃদরোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতনতা তৈরি এবং জরুরি সময়ে দ্রুত ও সঠিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটালে দুই দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির প্রথম দিনে ২৯ সেপ্টেম্বর পার্কভিউ হসপিটাল প্রাঙ্গণে বেলুন ওড়ানো ও কেক কাটার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে হৃদরোগ প্রতিরোধ ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল বুধবার পার্কভিউ হসপিটালের কনফারেন্স হলে সায়েন্টিফিক সেমিনার অন ওয়ার্ল্ড হার্ট ডে অ্যান্ড সেলিব্রেটিং ৫০০ প্রাইমারি পিসিআই’স ইন পার্কভিউ ক্যাথল্যাব শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনার সঞ্চালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের প্রধান ডা. তানজিলা তাবিব চৌধুরী। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনারের কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য দেন পার্কভিউ হসপিটালের ডা. হাফেজ মো. মুজিবুল হক। বৈজ্ঞানিক সেমিনারে আলোচনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আ ই ম ন জাহাঙ্গীর সেলিম। প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইকবাল মাহমুদ। সেমিনারের প্রধান অতিথি কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসির সিনিয়র কনসালট্যান্ট, কার্ডিওলজি ডা. কায়সার নাসরুল্লাহ খান ম্যানেজম্যান্ট অফ এএমআই–বাংলাদেশ পার্সপেক্টিভ বিষয়ে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা. শেখ মো. হাসান মামুন, ডা. নুর উদ্দিন তারেক এবং ডা. আনিসুল আওয়াল। সেমিনারে পার্কভিউ ক্যাথল্যাবে ৫০০টি প্রাইমারি পিসিআই সম্পন্নের মাইলফলক উদযাপন করা হয়। এ উপলক্ষে চিকিৎসাক্ষেত্রে অবদান ও অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সংশ্লিষ্ট চিকিৎসকদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমাপনী বক্তব্য দেন, পার্কভিউর ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. এম এম আলম সাদী। সভাপতিত্ব করেন– পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম। কর্মসূচির সার্বিক পরিকল্পনা, ব্যবস্থাপনা ও বাস্তবায়নে ভূমিকা পালন করেন পার্কভিউ হাসপাতালের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড ম্যানেজার জাহেদুল ইসলাম এবং তাঁর দল। প্রেস বিজ্ঞপ্তি।










