পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান মহান ব্যক্তি : ট্রাম্প

| শনিবার , ১৩ জুন, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ‘মহান ব্যক্তিত্ব’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া এক বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। একই বক্তব্যে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান আলোচনা নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে একটি ‘চমৎকার সমঝোতা’ হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই তা চূড়ান্ত হতে পারে। খবর বাংলানিউজের।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া খুব শিগগিরই সম্পন্ন হতে পারে। এমনকি ইউরোপে এ বিষয়ে আনুষ্ঠানিক স্বাক্ষরও হতে পারে। তিনি আরও বলেন, ইরানসম্পর্কিত চুক্তির নথিপত্র এখন ‘প্রায় চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি চূড়ান্ত হয়েছেএমন খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘কল্পনাপ্রসূত’ বলে উড়িয়ে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আলোচনায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

পূর্ববর্তী নিবন্ধফিলিপাইনে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৫
পরবর্তী নিবন্ধসুবিধামত নীতি বদলায় পশ্চিমারা : মার্কিন শুল্ক ও নিষেধাজ্ঞা নিয়ে জয়শঙ্করের তোপ