পশ্চিমবঙ্গের মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ হেফাজতের

| শুক্রবার , ২৭ নভেম্বর, ২০২৬ at ৯:৫০ পূর্বাহ্ণ

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিং–এর ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলে’র প্রকাশ্য হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশ আক্রান্ত হলে ইন্ডিয়াও নিরাপদ থাকবে না।

বিবৃতিতে তারা আরো বলেন, যেখানে ইন্ডিয়ার পাপেট পতিত ফ্যাসিস্ট হাসিনা গোটা রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র–জনতাকে দাবিয়ে রাখতে পারেনি, সেখানে বাহির থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকাবুলি ছাড়া আর কিছু নয়। বরং জুলাইর বিপ্লবী ছাত্র–জনতা ইন্ডিয়ার সবচে বড় পরীক্ষিত অ্যাসেট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় দিল্লির সাউথ ব্লক ভয়ে আছে বলে আমরা মনে করি। সে কারণে পশ্চিমবঙ্গের চুনোপুঁটিদের লেলিয়ে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ এসব হুমকি পরোয়া করে না। বরং এদেশে ইন্ডিয়ার আর যত চিহ্নিত অ্যাসেট আছে, সেগুলোও একে একে নির্মূল করা হবে ইনশাআল্লাহ।

হেফাজত নেতৃবৃন্দ বলেন, আজ বাংলাদেশ মানেই ফ্যাসিস্ট আ. লীগ বা শেখ পরিবার নয়। এই বাস্তবতা বদলে গেছে। ইন্ডিয়ার হুঁশে ফেরা উচিত। পাপেট হাসিনাকে ১৭ বছর বাংলাদেশের জনগণের ঘাড়ে জগদ্দল পাথরের মতো বসিয়ে আমাদের সার্বভৌমত্ব হরণের চক্রান্ত করেছিল আধিপত্যবাদী ইন্ডিয়া। এছাড়া মোদিবিরোধী আন্দোলনের শহীদরা ছাড়াও ইন্ডিয়ার আগ্রাসী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জনপ্রিয় বিএনপি নেতা ইলিয়াস আলী ও বুয়েটছাত্র আবরার ফাহাদ নির্মমভাবে শহীদ হন। আধিপত্যবাদবিরোধী ইসলামপন্থীদের ওপর বিচারিক হত্যাকাণ্ড ঘটে। পিলখানায় ৫৭ জন শহীদ সেনা অফিসারের পাশাপাশি শহীদ ওসমান হাদির রক্তের দাগও লেগে আছে ইন্ডিয়ার হাতে। এই রক্তের দায় হিন্দুত্ববাদী ইন্ডিয়াকে একদিন শোধ করতে হবেই।

পূর্ববর্তী নিবন্ধমশার দেহে ব্যাকটেরিয়া ঢুকিয়েই ডেঙ্গু জয় করছে ব্রাজিল
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার