চট্টগ্রাম নগরের পতেঙ্গায় চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত যুবকের নাম মোবারক ইসলাম (২৬)। তিনি আব্দুল মাবুদ ও আমেনা বেগম দম্পতির বড় ছেলে। তাঁদের পরিবার একসময় দক্ষিণ পতেঙ্গা লালদিয়ার চরে বসবাস করত। সরকারি উচ্ছেদের পর গত চার বছর ধরে তাঁরা আমেনা বেগমের বাবার বাড়ি চরপাড়ায় বসবাস করে আসছেন।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা মডেল থানাধীন ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পতেঙ্গার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার শাহ আলম বলেন, বিকেল ৩টার দিকে মোবারককে চোর সন্দেহে এভারগ্রীন কটন ফ্যাক্টরির সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে একটি মাঠে নিয়ে বাঁশ ও তার দিয়ে মোবারককে মারধর করা হয়।
একপর্যায়ে মাঠ থেকে তাঁকে একটি গুদামে নিয়ে যাওয়া হয়। সেখানে মোবারকের হাত-পা তার দিয়ে বেঁধে টানা দুই ঘণ্টা ধরে মারধর করে। এ সময় স্থানীয় লোকজন বাধা দিতে গেলে তাঁদের দিকেও তেড়ে আসেন অভিযুক্ত ব্যক্তিরা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রায় দুই ঘণ্টা নির্যাতনের পর বিকেল ৫টার দিকে আহত মোবারককে স্থানীয় একটি ফার্মেসিতে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন ফার্মেসির চিকিৎসক।
মোবারকের মা আমেনা বেগম বলেন, তাঁর ছেলে আগে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বর্তমানে তিনি নিয়মিত তাঁর বাবার চায়ের দোকানে বসতেন। ঘটনার দিন দুপুর ১২টার দিকে একটি কলা খেয়ে বাড়ি থেকে বের হন মোবারক। এরপর তিনি ছেলের নির্যাতনের শিকার হয়ে মৃত্যুর খবর পান।
এ ঘটনায় মোবারকের বাবা আব্দুল মাবুদ বাদী হয়ে পতেঙ্গা মডেল থানায় মামলা করেছেন। মামলায় মোট চারজনকে আসামি করা হয়েছে।
পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ আলী দৈনিক আজাদীকে বলেন, খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় লোকজনের হাতে আটক একজনকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাকি তিন আসামি পলাতক রয়েছেন। মোবারকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।












