পটিয়া থানার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন এক ব্যক্তি। মাথা থেকে রক্ত ঝরছিল। এর পর এক যুবক তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ তখন তাকে হাসপাতালে ভর্তি করিয়ে নিয়মিত প্রাথমিক চিকিৎসা সেবা দিতে থাকে। কিন্তু তার নাম–ঠিকানা বা পরিচয় কিছুই জানা যায়নি।
জানা যায়, গত ৩ সেপ্টেম্বর সংঘটিত সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওই ব্যক্তি পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৬দিন ধরেই তিনি অচেতন অবস্থায় আছেন। বর্তমানে তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সাজ্জাদ ওসমান। তিনি জানান, এই রোগী আমাদের হাসপাতালে ভর্তি আছেন গত ১৬দিন যাবত। ভর্তির পর থেকে রোগীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু রোগীর মস্তিস্কে গুরুতর আঘাতের সম্ভাবনা রয়েছে। যেহেতু রোগী অচেতন অবস্থায় রয়েছেন। এ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া খুবই প্রয়োজন। কিন্তু রোগীর স্বজন বা পরিচিত জনের অনুপস্থিতিতে তা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে পটিয়া উপজেলা প্রশাসন, পটিয়া থানা এবং উপজেলা সমাজ সেবা অফিসে অবহিত করা হয়েছে।
পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও, তার এখন উন্নত চিকিৎসা প্রয়োজন। তা না হলে এই রোগী বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।













