নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরের মিছিলে অতর্কিত হামলায় দুই নেতাকর্মী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়া পৌরসভার বেন্দারচর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছেন। নিহতরা হলেন– কালিয়া পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল শেখ (৩৫)। খবর বিডিনিউজের।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) রবিন হালদার বলেন, আমি শুনেছি লোক মারা গেছেন। বিস্তারিত পরে জানানো যাবে। কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম রাত সাড়ে ১১টায় বলেন, আমরা শুনেছি, সন্ধ্যার দিকে বিএনপির শোভাযাত্রায় হামলার ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, আমরা জানতে পেরেছি, সেখানে প্রথমে কথা কাটাকাটি হয়েছে। পরে শোভাযাত্রার লোকজন ফিরে আসছিল। কয়েকজন পিছনে পড়ে যায়। তাদের উপর হামলা হয়েছে। হামলার ঘটনাটি রাজনৈতিক কি না জানতে চাইলে ইউএনও জিন্নাতুল ইসলাম বলেন, আমরা যে খবর পেয়েছি, তাতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এই হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে বিএনপি নেতাকর্মীরা ৪০–৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছায়। এ সময় একদল লোক শোভাযাত্রায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর অতর্কিতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে আহত হয় কয়েকজন।
এ সময় কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি কর্মী সোহেল শেখ (৩৫) আহত হন। পরে তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে শাহীন ও সোহেল শেখের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে প্রথমে সোহেল শেখ এবং পরে শাহিনও মারা যান বলে জানান কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু। তিনি বলেন, ওত পেতে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা অতর্কিতে এই হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
গোপালগঞ্জে এমপির অফিসে ভাঙচুর–অগ্নিসংযোগ : গোপালগঞ্জ–২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের অফিসের আসবাবপত্র ভাঙচুর এবং অফিসের মালামাল বাইরে এনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৭টার দিকে থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কে এম বাবর গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় ড্যাব নেতা। গোপালগঞ্জ সদর থানার ২০০ ফুটের মধ্যে তার এই ক্লিনিক ও অফিস অবস্থিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী থানা এলাকার আরাফ ক্লিনিকের সামনে স্লোগান দিয়ে তার অফিসের আসবাবপত্র বের করে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। এই ক্লিনিকের নিচতলায় সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত একটি অফিস ছিল। এ ঘটনার পর ওই ক্লিনিক থেকে রোগীরা অন্যত্র চলে যান।
এ ছাড়া কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের জামায়াতের সভাপতি মাহাবুবুর রহমানের ওষুধের দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাদাদুল হকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী বাসে আগুন দেওয়ার চেষ্টা : কুমিল্লা শহরের কান্দিরপাড় থেকে ক্যাম্পাসে ফেরার পথে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবাহী একটি বাসে আগুন দেওয়ার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার রাত ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় বিএসটিআই কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বাসটি কান্দিরপাড় থেকে পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে ক্যাম্পাসে ফিরছিল। কোটবাড়ির দিকে যাওয়ার সময় দুই ব্যক্তি টায়ারে আগুন ধরিয়ে তা বাসের দিকে নিক্ষেপ করেন। তবে আগুন বাসে লাগেনি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান।
আ. লীগের সাবেক মন্ত্রী রেজাউলের বাড়িতে অগ্নিসংযোগ : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার শ ম রেজাউল করিমের গ্রামের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তার বাড়িতে হামলা চালানো হয়। এরপর সন্ধ্যা ৭টার দিকে নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত তার আরেকটি বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে শ ম রেজাউল করিম পলাতক আছেন।
আ. লীগের সাবেক এমপি হাবিবে মিল্লাতের বাড়িতে আগুন : সিরাজগঞ্জে রাতের আঁধারে জেলা বিএনপির কার্যালয়ে ১৯ নভেম্বর লকডাউনের সমর্থনে ব্যানার টাঙিয়ে দিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। একই দিনে জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর এবং সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবে মিল্লাত মুন্না ও জেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
চাঁদপুরে দীপু মনির বাড়িতে আগুন : চাঁদপুরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী দীপু মনি এবং সাবেক সংসদ সদস্য সুজিত রায় নন্দীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে শহরের জেটি রোড এলাকায় দীপু মনির বাসার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। তারপর রাত প্রায় ১১টার দিকে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন লাগে। দুটি ঘটনাতেই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।











