ফটিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়া একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রাম–খাগড়াছড়ি সড়কের নাজিরহাট পৌরসভার আজম রোডের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকার আজম রোডের মাথা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। গাড়িটি সড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর চালক ও আরোহীরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে। এ সময় গাড়িটির ভেতরে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ৪০ কেজি চোলাই মদ উদ্ধার করা হয়। মাদক বহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় পলাতক গাড়ি চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চালকের নাম মোহাম্মদ হাসান (২৭)। তিনি পাইন্দং ইউনিয়নের ডলু এলাকার শাহ আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান।
ওসি বলেন, মাদক কারবারে ব্যবহৃত গাড়িটি পুলিশের হেফাজতে রয়েছে এবং অভিযুক্ত চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।










