নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ জন গ্রেপ্তার

ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজার পর মিছিল

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৬ মে, ২০২৬ at ৬:৪৫ পূর্বাহ্ণ

নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল কোতোয়ালী থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার আসামিরা হলোযুবলীগ কর্মী মহিউদ্দিন, মো. সুমন, মো. ইমন, মুর্তুজা মেহেদী ওরফে মেহেদী হাসান, মো. বশর ওরফে হাসান, মো. সজিব, মো. মুসা, মো. সোহেল, মো. মনির, রায়হান, ইলিয়াছ ওরফে মিলন, জাহিদুল হক ওরফে সোহাগ, মো. শাহিন, মো. শরীফ, মো. ছোটন ওরফে রাকিব মিয়া, আলামিন, সাদ্দাম হোসেন, মো. রাসেল ও মো. জয়নাল।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় এবং লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে জড়ো হয় বলে অভিযোগ পুলিশের। পরে পুলিশ ধাওয়া দিলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা আশপাশের অলিগলি দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ১৫টি ভাঙা ইটের টুকরা ও ৮টি কাঠের লাঠি জব্দ করা হয়। পরবর্তীতে গোপন খবরের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতার পরিকল্পনা, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতার অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশরীর নেই,পাওয়া গেল বিকৃত মস্তক
পরবর্তী নিবন্ধবিলের জন্য হাসপাতালে আটকা, জেলা প্রশাসনের হস্তক্ষেপে মওকুফ