পর্যটকের নিরাপত্তা ও সুরক্ষা হলো পর্যটনশিল্পের একটি মৌলিক স্তম্ভ্ভ,একটি দেশ, অঞ্চল বা শহরের জন্য নিরাপত্তাবিষয়ক সুনাম হলো পর্যটন খাতে সবচেয়ে মূল্যবান সম্পদ। সাম্প্রতিক সময়ে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু হয়েছে, যেখানে একই পরিবারের ছয়জন। আগুনে ভয়াবহ এ ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা ও রিসোর্ট নির্মাণে অনিয়মের বিষয়টি আবার সামনে এসেছে।
নিরাপত্তা ও সুরক্ষা পর্যটন শিল্পের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভাবমূর্তি বৃদ্ধি করে কোন দেশের নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ না থাকলে পর্যটন শিল্প কখনোই টেকসই নির্ভরযোগ্য বা আকর্ষণীয় হতে পারে না। তেমনি বাংলাদেশে পর্যটক আকৃষ্ট করার মতো যথেষ্ট অবকাঠামো ও প্রাকৃতিক সৌন্দর্য থাকার পরও নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট ঘাটতি থাকার কারণে পর্যটন শিল্পের সঠিক বিকাশ হচ্ছেনা। প্রতি বছর বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে, বাংলাদেশের পর্যটন শিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার। কিন্তু প্রকৃত অর্থে তার প্রয়োগ খুব একটা লক্ষ্য করা যায় না। কক্সবাজারের দীর্ঘ সমুদ্রসৈকত, সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম, সেন্ট মার্টিন, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা, নদী ও হাওরভিত্তিক পর্যটন–সব মিলিয়ে বাংলাদেশের পর্যটন শিল্পের বৈচিত্র্য রয়েছে। পর্যটন কেন্দ্রের নিরাপত্তাহীনতা, প্রতারণা, হয়রানি, পরিবহন, মানসম্মত সেবার ঘাটতি ও অব্যবস্থাপনার কারণে পর্যটনের বিপুল সম্ভাবনা অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হচ্ছে এবং এটিকে কাঙ্ক্ষিতভাবে কাজে লাগানো যাচ্ছে না। পর্যটকের সংখ্যা বৃদ্ধিকে যদি কেবল ব্যবসার সুযোগ হিসেবে দেখা হয়, কিন্তু তাদের নিরাপত্তাকে বিবেচনায় না নেয়া হয়, তাহলে দীর্ঘমেয়াদে এ খাত আরো ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হয়।
অনেক ট্যুর অপারেটর এবং বিদেশি পর্যটক মনে করেন নিরাপত্তা ইস্যু বাংলাদেশের পর্যটন খাতে–বাধা তৈরি করছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইনডেক্স (টিটিডিআই) ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) এ সূচকে ১১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম। এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও সেটি আমরা কাজে লাগাতে পারছিনা। আমাদের দেশে বিদেশী পর্যটক এলে কিছু কিছু মানুষ তাদের অনুসরণ করে উত্ত্যক্ত করে, ফলে তারা অনেকটা নিরাপত্তাহীনতায় ভোগে। এসব নিরাপত্তাহীনতার কারণে আমাদের দেশে পর্যটক শিল্পের বিপুল সম্ভাবনা থাকলেও বিদেশী পর্যটকের সংখ্যা খুবই কম অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল পর্যটন খাত থেকে অনেক বৈদেশিক মুদ্রা আয় করছে। তাই আন্তর্জাতিক পর্যটনের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে এসব সমস্যার সমাধান করা অত্যন্ত জরুরি।
প্রকৃতিকে কেন্দ্র করেই আমাদের কক্সবাজারের পর্যটন শিল্পের বিকাশ। শীত মৌসুমে কক্সবাজারে অনেক পর্যটকের আগমন হবে। কক্সবাজারের রিসোর্ট হোটেল মালিকদের হিসাব অনুযায়ী, বছরে অন্তত ৯০ লাখ পর্যটক কক্সবাজারে আসেন। সংশ্লিষ্ট তথ্য সূত্রে জানা যায় ২০০০ সালে কক্সবাজারে হোটেল–রিসোর্ট ছিল ২ শতাধিক। যা বর্তমানে হোটেল, রিসোর্ট ও কটেজ মিলিয়ে সংখ্যা দুই হাজারের বেশি। প্রায় আড়াই দশকে পর্যটকদের থাকার স্থাপনা বেড়েছে কয়েক গুণ। কিন্তু পর্যটন ব্যবসার এই বিস্তারের সঙ্গে সুযোগ–সুবিধা এবং নিরাপত্তা তেমন বাড়েনি। প্রকৃত পক্ষে পুরো কক্সবাজার শহরই গড়ে উঠেছে অপরিকল্পিতভাবে। জানা যায় তারকা মানের কয়েকটি ছাড়া অনেকগুলো স্থাপনার অগ্নিনিরাপত্তা সনদ ও পরিবেশগত ছাড়পত্রে বৈধ অনুমোদন নেই। কক্সবাজার জেলায় প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বা ইসিএ তিনটি–কক্সবাজার–টেকনাফ সমুদ্র সৈকত এলাকা, সোনাদিয়া ও সেন্ট মার্টিন দ্বীপ। এসব এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিশেষ বিধিনিষেধ রয়েছে কিন্তু অনেকেই এই বিধি নিষেধের তোয়াক্কা করছেন না। প্রকৃতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, সৈকতকে অনিয়ন্ত্রিত বাণিজ্যের জায়গায় পরিণত করে এবং বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থ হয়ে দীর্ঘমেয়াদি পর্যটন উন্নয়ন সম্ভব নয়। পরিবেশ সুরক্ষার স্বার্থে কেবল আর্থিক দণ্ড বা মামলা নয়; বরং অবৈধ স্থাপনাগুলো অবিলম্বে উচ্ছেদের প্রশাসনিক পদক্ষেপ নেওয়া জরুরি। কক্সবাজারের নিরাপত্তাসংকট শুধু হোটেল–রিসোর্টে সীমাবদ্ধ নয়, সমুদ্র সৈকতেও পর্যটকদের জীবন ঝুঁকির মুখে পড়ে। বাংলাদেশের পর্যটন খাতের কাঙ্ক্ষিত সম্প্রসারণ ঘটাতে হলে সবার আগে পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি পর্যটককে নিরাপদে রাখা না যায় তবে যতই আধুনিক, উন্নত পর্যটন শিল্প গড়ে উঠুক না কেন পর্যটককে আকৃষ্ট করা যাবে না। অনিরাপদ সড়ক, সৈকতে পর্যাপ্ত নিরাপত্তার অভাব, হোটেল–রিসোর্টে অগ্নিঝুঁকি, খাবারের মান ও মূল্য নিয়ে অভিযোগ এবং অপরিকল্পিত বাণিজ্যিক কর্মকাণ্ড পর্যটকদের স্বস্তি কেড়ে নিচ্ছে। সৈকতের বিভিন্ন স্থানে দোকানপাট, বিচ বাইক, ঘোড়া, ফটোগ্রাফার ও অন্যান্য বাণিজ্যিক কার্যক্রমের আধিক্য পর্যটকদের স্বস্তি ও স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছে। ফলে যে অবকাশ মানুষের মনে প্রশান্তি আনার কথা, তা কখনো কখনো আতঙ্কের অভিজ্ঞতায় পরিণত হচ্ছে। তবে এ ক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা যেমন জরুরি তেমনি পর্যটকদের হতে হবে আরো সচেতন। এককথায় পর্যটন কেন্দ্রে যাওয়ার পথ থেকে শুরু করে গন্তব্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পর্যটন যেন পর্যটকদের কাছে আতঙ্কের স্মৃতি নয়, নিরাপদ আনন্দের প্রতীক হয়ে উঠতে পারে তার ব্যবস্থা করতে হবে।
লেখক: ডেপুটি রেজিষ্ট্রার, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ











