কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আনোয়ার হোসেন ওরফে আনোয়ার মেম্বারকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ব্রিজঘাট এলাকার নিজ দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ।
পুলিশের দাবি, আনোয়ার হোসেন একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে তাকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো তথ্য জানায়নি।
কর্ণফুলী থানার ওসি নূর আহমদ বলেন, ‘আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে থানায় আনা হচ্ছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’











